আগরতলা : প্রদেশ বিজেপির নয়া সভাপতি হলেন বিধায়ক অভিষেক দেবরায়। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অভিষেক দেবরায়কে প্রদেশ বিজেপি সভাপতি হিসাবে নিযুক্তি দেন। প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে নিযুক্তি পাওয়ার পর এইদিন বিকালে দিল্লি থেকে রাজ্যে আসেন অভিষেক দেবরায়। রাজ্যে এসে শুভেচ্ছায় জোয়ারে ভাসলেন তিনি। এইদিন অভিষেক দেবরায় এমবিবি বিমান বন্দরে পৌঁছানোর আগে থেকে বিমান বন্দর চত্বরে ভিড় জমায় শতশত বিজেপি কর্মী সমর্থক। অভিষেক দেবরায় এমবিবি বিমান বন্দরে পৌঁছানোর সাথে সাথে বিজেপির কর্মী সমর্থকরা ফুলের বুকে হাতে তুলে দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে দিয়ে একের পর এক শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এমবিবি বিমান বন্দরে অভিষেক দেবরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দলের নীতি আদর্শ মেনে তিনি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি জানান বিজেপি দলের সংগঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৃষ্ঠা প্রমুখ ও বুথ। তাই তিনি পৃষ্ঠা প্রমুখ ও বুথের উপর অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। এমবিবি বিমান বন্দর থেকে অভিষেক দেবরায় সোজা চলে যান প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির বিদায়ি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অভিষেক দেবরায় প্রদেশ বিজেপি কার্যালয়ে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা নয়া প্রদেশ সভাপতিকে উত্তরীয় পড়িয়ে দিয়ে হাতে ফুলের বুকে তুলে দিয়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান অভিষেক দেবরায়ের নাম প্রদেশ বিজেপি সভাপতি হিসাবে ঘোষণা করার পর তিনি প্রথমে রাজীব ভট্টাচার্যর সাথে কথা বলেছেন। প্রদেশ বিজেপির সভাপতি পদে একজন আসবে, অপরজন যাবে এইটা বিজেপি দলের পরম্পরা। বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও ভালো কাজ করেছেন। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন নয়া প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় আগামিদিনে ভালো ভাবে কাজ করবেন। অপরদিকে বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করেছেন। অভিষেক দেবরায় বুথ স্তরেও দায়িত্ব পালন করেছেন একটা সময়। জেলা সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। বর্তমানে ওনাকে প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামিদিনে রাজ্যে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সরকার ও দলের মধ্যে সমন্বয় বজায় রেখে অভিষেক দেবরায় দায়িত্ব পালন করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। দীর্ঘ দিন ধরে প্রদেশ বিজেপির সভাপতি নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনা কল্পনার অবসান হল। এখন দেখার আগামিদিনে রাজ্যে বিজেপি দলের সংগঠনকে শক্তিশালী করতে কতটা সফল হন নয়া প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।
দিল্লি থেকে রাজ্যে ফিরে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন প্রদেশ বিজেপির নয়া সভাপতি অভিষেক দেবরায়
7
previous post