Agartala : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর সংস্থা ও নগর সংস্থার নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে আগরতলা পুর পরিষদ সহ মোট ২১টি পুর ও নগর সংস্থার ভোট গ্রহণ। ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক ও বিরোধী শিবির নিজেদের মতো করে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। আর শাসক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এই অবস্থায় আসন্ন পুর সভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে সোনামুড়া টাউন হলে আয়োজন করা হয় এক নির্বাচনী সাংগঠনিক সভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। আসন্ন পুর এবং নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এই নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কিভাবে বিজেপির প্রার্থীদের আসন্ন নির্বাচনে এই জেলার সবকটি আসনে জয়যুক্ত করা যায় সেবিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাজপার কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব বলেন বিজেপিকে হারানোর মতো কোন পার্টি নেই দেশে। কংগ্রেসও বহুবার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে। আর বামপন্থীরা তো আগেই দেশ থেকে মুছে গিয়েছে। বিপ্লব দেব আরো বলেন, ভারতীয় জনতা পার্টি দৈন্দন্দিন সাংগঠনিক কাজ করার পাশাপাশি মানুষের জন্য কাজ করার মানসিকতা রাখে। কংগ্রেস এক পরিবারের জন্য পার্টি করে। আর কমিউনিস্টরা নির্দিস্ট কিছু ইজম নিয়ে পার্টি করে। ভারতীয় জনতা পার্টিই একমাত্র পার্টি যারা ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি ও মানুষের চিন্তাভাবনাকে নিয়ে পার্টি ও সংগঠন করে। নির্বাচনী সাংগঠনিক সভায় সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে বিজেপির মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ব্যাপক গুরুত্ব দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব। এদিন এই নির্বাচনী সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার প্রভারি রতন ঘোষ, জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সোনামুড়া মন্ডলের মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব
10
previous post