আগরতলা : গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ ওল্ড আগরতলা আর.ডি. ব্লকে ৪০ জন মহিলা পশুপালকের হাতে বিনামূল্যে ছাগল তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বিশ্বজিৎ শীল, এআরডিডি দপ্তরের আধিকারিক সুজিত সাহা, ওল্ড আগরতলা আর.ডি. ব্লকের বিডিও এবং পশু চিকিৎসকরা।
জেলার পাঁচটি ব্লকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। গ্রামীণ এলাকার মহিলাদের পশুপালনের মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরি করা এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
জেলা পরিষদের এই উদ্যোগের ফলে উপকৃত হবেন ৪০ জন মহিলা পশুপালক। ছাগল পালনের মাধ্যমে তাঁরা আগামী দিনে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করা
হচ্ছে।