Home » বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

by sokalsandhya
0 comments

আগরতলা, ২২ নভেম্বর: তপশিলি জাতিভুক্ত (SC) ছাত্রছাত্রীদের বৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করা, সময়মতো আর্থিক সহায়তা প্রদান এবং প্রশাসনিক জটিলতার কারণে কোনও যোগ্য পড়ুয়া যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস।

 

গত ১৯ নভেম্বর নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত ‘সমাবেশী নীতি সংকল্প’ শীর্ষক বিভাগীয় সম্মেলনে ‘তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য সহজলভ্য বৃত্তির সুযোগ’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রস্তাবগুলি তুলে ধরেন।

 

নিজের উপস্থাপনায় মন্ত্রী জানান, ত্রিপুরায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক বৃত্তি দেওয়া হচ্ছে, যেখানে পারিবারিক আয়ের কোনও ঊর্ধ্বসীমা নেই। গত অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় প্রায় ২৫ থেকে ২৬ হাজার পড়ুয়া উপকৃত হয়েছে।

 

পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য এককালীন এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বি.এড, কৃষিবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের মতো উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে দশম, দ্বাদশ বা তার ঊর্ধ্বতন পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। জাতীয় বৃত্তি পোর্টালের (NSP) সুবিধার পাশাপাশি রাজ্য সরকার এই অতিরিক্ত সহায়তা প্রদান করছে।

 

তবে বৃত্তি প্রদানের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, একাধিক স্তরে যাচাই, একই নথি বারবার জমা দেওয়া, আবেদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং বৃত্তির আবেদন ও সময়সীমা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবের কারণে অনেক পড়ুয়া সমস্যায় পড়ছে। বিশেষ করে ত্রিপুরার বাইরে পড়াশোনা করা ইঞ্জিনিয়ারিং, নার্সিং ও অন্যান্য পেশাগত কোর্সের ছাত্রছাত্রীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

 

মন্ত্রী জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এখনও পর্যন্ত প্রায় ৩,০৩৯ জন পড়ুয়া বৃত্তির টাকা পায়নি। কেন তারা বঞ্চিত রয়েছে, সেই বিষয়টি পড়ুয়ারা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের কাছেও স্পষ্ট নয়।

 

এই সমস্যা সমাধানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে থাকা কমন সার্ভিস সেন্টারগুলিকে বৃত্তি প্রদানের ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, স্কুল, কলেজ ও জেলা প্রশাসনের দায়িত্ব নির্দিষ্ট করার উপর জোর দেন।

 

তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে রাজ্যস্তরে একটি লাইভ মনিটরিং ড্যাশবোর্ড, পড়ুয়াদের জন্য লগ-ইন সুবিধাযুক্ত মোবাইল অ্যাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বৃত্তির আবেদন ও টাকা প্রদানের অগ্রগতি সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ, জাতিগত শংসাপত্র, আয়ের শংসাপত্র এবং রেশন কার্ড সংক্রান্ত বিষয়গুলিও নিয়মিত পর্যবেক্ষণের প্রস্তাব দেন তিনি।

 

এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি সহায়তা কেন্দ্র চালু এবং একই নথি বারবার জমা দেওয়ার নিয়ম সহজ করার কথা বলেন মন্ত্রী। তাঁর মতে, প্রথমবার জাতিগত শংসাপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই হয়ে গেলে পরবর্তী শিক্ষাবর্ষে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পড়ুয়ার পড়াশোনা অব্যাহত রয়েছে কি না, তা যাচাই করলেই যথেষ্ট।

 

সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, উচ্চশিক্ষায় ভর্তির প্রথম সেমেস্টার থেকেই যোগ্য পড়ুয়াদের বৃত্তির সুবিধা নিশ্চিত করতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব দেন তিনি। মন্ত্রীর বক্তব্য, অনেক পড়ুয়া বৃত্তির টাকার উপর নির্ভর করেই উচ্চশিক্ষায় ভর্তি হয়। কিন্তু বৃত্তির টাকা পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই কার্ড থাকলে যোগ্য পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে তা দেখিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।

 

বক্তব্যের শেষে সুধাংশু দাস বলেন, প্রত্যেক যোগ্য পড়ুয়াকে চিহ্নিত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান, যাচাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, “প্রশাসনিক বিলম্ব, ডিজিটাল পরিষেবার অভাব কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ত্রুটির কারণে কোনও যোগ্য তপশিলি জাতিভুক্ত পড়ুয়া যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।”

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles