আগরতলা : রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে ঐক্যের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর ইউনিটি’। শনিবার সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস। এইদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫১ তম জন্মদিন। সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব হিসাবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন দেশের একতা ও সংহতির এক অনন্য প্রতীক। স্বাধীনতার পর দেশের একতা ও অখন্ডতা রক্ষায় তার অসামান্য অবদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ১৯৪৭ সাল থেকে ১৯৪৯ সালের মধ্যে প্রায় ৫৬৫ টি রাজন্য শাসিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। সর্দার বল্লভ ভাই প্যাটেলের অসামান্য অবদানের প্রতি যথাযথ সম্মান জানানোর উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে ৩১ অক্টোবর দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয়। এই দিবস পালনের উদ্দেশ্য হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ঐক্য ও সংহতিকে আরও সুদৃঢ় করা এবং দেশের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষায় সকলকে সম্মিলিত ভবে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করা। ভারত একটি বিশাল বৈচিত্রময় দেশ। এই বৈচিত্রের মধ্যে দেশের ঐক্য ও শক্তি নিহিত রয়েছে। তাই দেশের ঐক্য, সংহতি ও অখন্ডতা রক্ষা করা সকলের দায়িত্ব। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ইউনিটি রানের সূচনা করেন। এইদিনের ইউনিটি রানে অংশগ্রহণ করেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা।
দেশের ঐক্য, সংহতি ও অখন্ডতা রক্ষা করা সকলের দায়িত্বঃমুখ্যমন্ত্রী
33