আগরতলা, ২৬ নভেম্বর:- সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। বৃহস্পতিবার খুমুলুঙে প্রেস ইনফরমেশন ব্যুরো, ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এক মিডিয়া কর্মশালার উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসির সদস্য জিতেন দেববর্মা এবং খুমুলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিষু কর্মকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা দেবাশিস লোধ এবং পিআইবি ত্রিপুরার সহকারী অধিকর্তা পিনাকী সরকার। অনুষ্ঠানে রুনিয়েল দেববর্মা বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য তিনি পিআইবি-কে ধন্যবাদ জানান। এর পাশাপাশি রঞ্জিত দেববর্মা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করা প্রয়োজন। এ ক্ষেত্রে খুমুলুঙ প্রেস ক্লাব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তিনি টিপ্রাসা সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের উদ্যোগের জন্য এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্যকে ধন্যবাদ জানান।
খুমুলুঙে পিআইবি-র উদ্যোগে অনুষ্ঠিত হল মিডিয়া কর্মশালা
17