বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

Agartala : বিধায়ক তফাজ্জল হোসেনের মন্তব্যের প্রতিবাদে সমালোচনার বন্যা বয়ে চলছে গোটা রাজ্যে। এবার এই ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় ছাত্র সংগঠনটি। উল্লেখ্য, এক দলীয় কার্যক্রমে বক্সনগর কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের চিরাচরিত খাবার নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন বলে বিস্ফোরক অভিযোগ উঠে। যথারীতি বিধায়কের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামেও আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠে তফাজ্জলের বিরুদ্ধে। এরপরই এই জনপ্রতিনিধির বিরুদ্ধে শাস্তির দাবি উঠে বিভিন্ন মহল থেকে। প্রতিবাদ জানান রাজনৈতিক ব্যক্তিত্ত্ব থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। থানাতেও তফাজ্জলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র সংগঠন TSF এর পক্ষ থেকে তফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই সঙ্গে তার ছবি আগুনে পুড়িয়ে প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এদিকে এদিনই প্রদেশ বিজেপির পক্ষ থেকে এই ইস্যুতে তফাজ্জল হোসেনের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ জারি করা হয়।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি

সাতসকালে শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নেই হতাহত