ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ

আগরতলা : পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।

 

রাজ্যের যেসব পরিবার মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের জন্য মাত্র ১,০০০ টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় প্রায় ১.৫ লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে।

 

আজ গীতাঞ্জলি গেস্ট হাউসে “রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক” প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

 

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌরবিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে ১৭ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যেই ৩,৫০০ পরিবার নিজেদের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন।

 

তিনি আরও বলেন, ১ কিলোওয়াট সোলার সিস্টেমে সরকার ৩৩ হাজার টাকা, ২ কিলোওয়াটে ৬৬ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটে ৮৫,৮০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এখন আমরা এমন পরিবারগুলিকে চিহ্নিত করছি, যারা মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন। তাঁদের কাছ থেকে মাত্র ১,০০০ টাকা নিয়ে প্রায় ৬৬ হাজার টাকার সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রদান করা হবে।

 

এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

 

তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৩ লক্ষ পরিবার ৫০ ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাঁদের মধ্যে ১.৫ লক্ষ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

 

এছাড়াও, জার্মানির সংস্থা GIZ-এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং বিক্রেতাদের সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও মেরামতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে ইংরেজি ও বাংলা ভাষায় দুটি তথ্যবহুল পুস্তিকাও প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ গ্রাহকরাও সহজে এই প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।

 

মন্ত্রী বলেন, আগে মানুষ বিদ্যুতের বিল দিতেন, এখন সৌরবিদ্যুতের মাধ্যমে আয়ও করতে পারছেন। এই প্রকল্প শুধু বিদ্যুৎ সাশ্রয়ই নয়, মানুষের আর্থিক উন্নয়নের পথও খুলে দেবে।

Related posts

Consumers using power below 50 units to get solar panels for Rs 1,000: Ratan Lal Nath

CM holds first virtual Mukhyamantri Samipesu with people from Dhalai

অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট রাজ্যেও সফল