আগরতলা : দুর্গা পূজা রাজ্যের সবচেয়ে বড় উৎসব। দুর্গা পূজা উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাওয়া তথ্য অনুযায়ী এই বছর রাজ্যে ২ হাজার ৯০৫ টি দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। তবে এই পূজার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। পূজার দিন গুলিতে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০ হাজারের অধিক আরক্ষা কর্মী। পূজার দিন গুলিতে মোবাইল পেট্রোলিং-এর জন্য অতিরিক্ত ৩৫০ টি গাড়ি ভাড়া করা হয়েছে। পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হবে ২৫৬ টি। লোকসমাগম নিয়ন্ত্রনের জন্য জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে। ১৫৯ টি ওয়াচ টাওয়ার বানানো হচ্ছে। আগরতলা শহরে সন্ধ্যার সময় ২৯ টি অতিরিক্ত বাইক পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পূজার দিন গুলিতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তুলে ধরতে গিয়ে এই তথ্য জানান রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি.এস রাও। তিনি সকলের প্রতি আহ্বান জানান পূজার চাঁদা নিয়ে কোথাও জুলুমবাজির ঘটনা ঘটলে থানায় অভিযোগ জানানোর জন্য। অভিযোগ জানানোর সাথে সাথে মামলা নথিভুক্ত করা হবে। এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগরতলা শহরে প্রায় সাড়ে ৪০০ পূজা হবে এই বছর।