আগরতলা, ১৬ নভেম্বর: —কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর ও নগর সংস্থার নির্বাচনের দাবিতে অনড় প্রদেশ কংগ্রেস। সোমবার একই দাবিতে পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ কংগ্রেস। ডেপুটেশন প্রদানকালে প্রদেশ কংগ্রেস বিধায়ক দাবি উত্থাপন করেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেন পুর ও নগর সংস্থার নির্বাচন করা হয়। কিন্তু জেলা নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েদেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের মহানির্দেশকের অধিন। তখনই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা জেলা নির্বাচনী আধিকারিকের কক্ষের সামনে ধর্নায় বসে পড়েন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান নির্বাচনী প্রচারে ওনারা বাড়ি বাড়ি যাওয়ার পর মানুষ আশঙ্কা প্রকাশ করেছে তারা নির্বাচনে ভোট দিতে পারবে কিনা। কারণ বিগত নির্বাচন গুলিতে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নি। এমনকি ভোটও দিতে পারে নি। কিছুদিন পূর্বে ভিলেজ কমিটির নির্বাচন হয়েছে। সেই সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে। অথচ পুর ও নগর সংস্থার নির্বাচন কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হবে না। এই নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক জানান ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র দপ্তরের নিকট ২৫ কোম্পানি সিআরপিএফ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। যদিও স্বরাষ্ট্র দপ্তর থেকে কোন সাড়া পাওয়া যায় নি। নির্বাচনের সময় নিরাপত্তার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান কেন্দ্রীয় বাহিনী ও মাইক্রো অবজারভারের বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধিন। উপর মহল থেকে কোন উত্তর পাওয়া গেলে তবেই কোন কিছু বলা যাবে। যদিও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দাবিতে অনড় থাকে। তারা তাদের শান্তিপূর্ণ ধর্না অব্যাহত রাখে। এবং তারা স্পষ্ট জানিয়ে দেয় সুনির্দিষ্ট কোন আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের ধর্না চালিয়ে যাবে।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্না কংগ্রেসের
3