আগরতলা, ১৯ নভেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের হয়ে বৃহস্পতিবার জয়নগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
এদিন প্রচারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য সহ মণ্ডল ও ওয়ার্ডের নেতৃত্ব এবং দলীয় কার্যকর্তারা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন তিনি।
প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেখানেই যাচ্ছি, খুবই ভালো সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা উৎসাহ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও একই ধরনের সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, ২০২১ সালে আমরা সবকটি আসনে জিতেছিলাম, তারপরেও এবার মনে হচ্ছে আরও বেশি মানুষের সাড়া পাচ্ছি। কাজেই ভালো একটা ফলাফল আশা করছি এবং হবেই।
উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের কথা বলেন, আমাদের সরকারও উন্নয়নের কথা বলে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিলে এত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি।মানুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৯৯ শতাংশ লোকই বলছেন, আমরা খুশি। দু-একটি জায়গায় স্থানীয় কিছু সমস্যার কথা মানুষ বলছেন। সেগুলি সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।প্রচারকে ঘিরে জয়নগর এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আগরতলা পুরো নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যী হয়ে বাড়ি বাড়ি ভোট চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা
4