মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা

আগরতলা : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সভাপতিত্বে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে শনিবার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের ২ নং সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ট্রাফিক নিয়ন্ত্রনে গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভার আলোচনায় আগরতলা শহর এলাকায় পার্কিং ব্যবস্থাপনা ও ট্রাফিক যানজটের বিষয়টি প্রাধান্য পায়।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যানবাহন প্রতিদিন বাড়ছে। তবে রাস্তা একই রয়েছে। তাই রাস্তা প্রশস্তিকরণের সম্ভাব্য দিকগুলির উপর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। রাস্তায় যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব নিয়মাবলী রয়েছে তা কঠোরভাবে অনুসরণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সভায় আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব আগরতলা শহর এলাকার পার্কিং ব্যবস্থাপনার সম্ভাব্য দিকসমূহ নিয়ে আলোচনা করেন। ট্রাফিক পুলিশের সুপার মানিক দাসও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী