আগরতলা : মহারাজ বীর বিক্রম স্টেডিয়ামে আজ এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তনী একাদশ বনাম ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব-এর মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ। হাই-স্কোরিং এই ম্যাচে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে ৯৮ রানে পরাজিত করে সহজ জয় তুলে নিল টিসিএ প্রাক্তনী একাদশ। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিসিএ স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অধিনায়ক অভিষেক দে। তবে তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন প্রাক্তনী একাদশের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রানের বিশাল পাহাড় গড়ে তাঁরা।
প্রাক্তনী একাদশের হয়ে ইনিংসের মূল আকর্ষণ ছিলেন বাপ্পা দাস। মাত্র কয়েক ওভারের ঝড়ে ব্যক্তিগত ১০৩ রান করে তিনি ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। অনিরুদ্ধ সাহা ৪১ রান, তাপস রুদ্র পাল ৩০ রান এবং শুভঙ্কর দেবনাথ (২১*) ও দেবজ্যোতি দত্ত (১৮*) অপরাজিত থেকে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষে অভিষেক দে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট এবং দিব্যেন্দু দে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২৩৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জার্নালিস্ট ক্লাব। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়।
দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মনোজিত দাস। এছাড়া প্রসেনজিৎ সাহা ২৩ ও মেঘধন দেব ১৪ রান করেন। বল হাতেও দাপট দেখায় প্রাক্তনী একাদশ। কমল দাস ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া তাপস মণ্ডল ও শুভঙ্কর দেবনাথ ২টি করে উইকেট দখল করেন। রাকেশ দাস ও সূরজ দেবনাথ পান ১টি করে উইকেট। ম্যাচ শেষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন টিসিএ-র সচিব সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, টিএসজেসি-র সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অনির্বাণ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের এই সুন্দর আয়োজনের জন্য সাধুবাদ জানান। এই ম্যাচের আয়োজনের জন্য টিএসজেসি-র পক্ষ থেকে ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে ও কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী সহ কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হচ্ছে।