আগরতলা : আগরতলার আখাউরাস্থিত প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের ‘এ’ ও ‘এফ’ ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পড়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন লাইট হাউস নির্মাণের সময় অনেক গুলি সমস্যা সামনে এসেছিল। মহাকরণে বারে বারে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে। লাইট হাউসের এইদিন দুইটি ব্লকের উদ্বোধন করা হয়েছে। বাকি ব্লক গুলিরও নির্মাণ কাজ দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এইদিন ২৭৮ টি পরিবারের স্বপ্ন পূরণ হল। স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ডাবল ইঞ্জিনের সরকারের কাজের উল্লেখ যোগ্য দৃষ্টান্ত লাইট হাউস। এই লাইট হাউসে ১ হাজার পরিবার বসবাস করতে পারবে। নিম্ন আয়ের পরিবারের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী লাইট হাউসের পরিকল্পনা গ্রহণ করেন। বর্তমান সরকারের মূল উদ্দেশ্য উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোন কথা হবে না। গত অর্থ বছরে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এই বছর এখনো পর্যন্ত ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যার কারণে বিনিয়োগকারিরা বর্তমানে রাজ্যে আসতে চাইছে। অনেকে বর্তমানে রাজ্যে মেডিক্যাল কলেজ খুলতে চাইছে। বর্তমানে আগের ত্রিপুরা আর নেই। ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে একের পর এক কাজ করে যাচ্ছে। একদিকে সরকারি চাকুরির দরজা খুলে দেওয়া হয়েছে। অপরদিকে সরকারি কর্মচারীদের সময়ে সময়ে ডিএ দেওয়া হচ্ছে। বর্তমান সরকার একটা মানব বান্ধব সরকার। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও নয়া দিল্লি থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, দপ্তরের অধিকর্তা নির্মল কুমার সহ অন্যান্যরা।