আগরতলা, ২১ নভেম্বর:-পৌর নিগমের নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি সরকারি তথ্য-পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করেন।
প্রবীর চক্রবর্তী বলেন, দেশে মূল্যবৃদ্ধি এখন সর্বজনস্বীকৃত সমস্যা। ‘এক দেশ, এক নীতি’ কর্পোরেট ও ধনীদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষের কোনও লাভ হয়নি। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশের ৩২৬টি জেলায় সমীক্ষায় পাইকারি মূল্যসূচক ১২ শতাংশ ছাড়িয়েছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৮ দশমিক ৯৪ শতাংশ ছাড়িয়েছে। পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম রকেট গতিতে বেড়েছে। গত এক বছরে ৮১ শতাংশ মানুষের জীবিকা নির্বাহের খরচ বেড়েছে ২০ শতাংশ, অথচ আয় বাড়েনি।
রাজ্যের প্রসঙ্গে তিনি বলেন, প্যাকেটজাত সামগ্রীতে উল্লেখিত ওজনের চেয়ে কম মাল দেওয়ার ঘটনায় ত্রিপুরা এগিয়ে আছে। সরিষার তেল থেকে শুরু করে সাধারণ জিনিসেও মানুষকে ঠকানো হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেকারত্ব কমে ২ শতাংশ হয়েছে বললেও শ্রম মন্ত্রকের হিসাবেই ২০২০ সালের জানুয়ারিতে কর্মসংস্থানের হার ৩৯ দশমিক ৭ শতাংশ থেকে গত অক্টোবরে কমে ২৯ দশমিক ৩ শতাংশ হয়েছে। বেকারত্ব সেপ্টেম্বরে ৪ শতাংশ থেকে অক্টোবরে ৪ দশমিক ৭ শতাংশ হয়েছে। শহরে ১৫-২৯ বছর বয়সি যুবকদের মধ্যে বেকারত্ব ৬ শতাংশ ছাড়িয়েছে। ত্রিপুরায় শিক্ষিত বেকার ৯ দশমিক ৭ শতাংশ, সব মিলিয়ে বেকার ১৪ দশমিক ৯ শতাংশ, দারিদ্র মানুষ ১৩ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে ২,৬০০টি কর্পোরেট সংস্থার নিট মুনাফা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪ দশমিক ৫ লক্ষ কোটি টাকা হয়েছে। শীর্ষ ৫ সংস্থার মুনাফাই ১ লক্ষ ১২ হাজার কোটি টাকার বেশি। রিলায়েন্সের মুনাফা ২৯ হাজার ৫৫০ কোটি টাকা ছাড়িয়েছে। ১ শতাংশ ধনীর হাতে ৪০ দশমিক ১ শতাংশ সম্পদ, শীর্ষ ১০ শতাংশের হাতে ৬৫ শতাংশ সম্পদ, আর ৫০ শতাংশ মানুষের হাতে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ সম্পদ।
আইনশৃঙ্খলা নিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ চরমে। অভয়নগরে গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, একাদশ শ্রেণির ছাত্রী ৩৫ দিন পর উদ্ধার, যোগেন্দ্রনগরে মহিলা সাংবাদিকের উপর হামলা – এসব ঘটনা তার প্রমাণ।
কেন্দ্রীয় বাহিনী আনার দাবি কংগ্রেসেরই ছিল জানিয়ে তিনি বলেন, বাহিনী আনলেই হবে না, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, দেশে ৮৫ বছর ঊর্ধ্ব প্রবীণ ও দিব্যাঙ্গদের বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা থাকলেও এবার পুর নির্বাচনে তা রাখা হয়নি। আইন সংশোধনের অজুহাত দেওয়া হচ্ছে। এখনও সময় আছে, অবিলম্বে এই ব্যবস্থা চালু করতে হবে। ২০২৫ সালের অক্টোবরের ভোটার তালিকা দিয়ে নির্বাচন করাও প্রশ্নের মুখে।
প্রবীর চক্রবর্তী দাবি করেন, সুষ্ঠু ভোট হলে আগরতলা সহ সর্বত্র বিজেপি হারবে। বিজেপি-বিরোধী শক্তি তৈরি হলে সব দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। ১৬ কোটি টাকা কোথায় গেল, তা খুঁজে বের করা হবে।
পৌর নিগমের নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস মুখপত্র প্রবীর চক্রবর্তী
4