আগরতলা : আগরতলা শহরের প্রাণকেন্দ্র পুরাতন মোটর স্ট্যান্ডে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো পি.এম.আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল ও কমার্শিয়াল কার পার্কিং জোনের। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পূর্বতন সরকারের সময় ইউনিয়নের নামে জোর পূর্বক সরকারি জায়গা দখল করে রাখা হয়েছিল পুরাতন মোটর স্ট্যান্ডে। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে একের পর এক উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। পুর ও নগর এলাকা গুলিকে উন্নয়নের সঠিক দিশায় নিয়ে যাওয়া হচ্ছে। পিপিপি মডেলে কি ভাবে কাজ করতে হয় বর্তমান সরকার তা করে দেখিয়েছে। ভারতবর্ষের অন্যান্য শহর থেকে আগরতলা শহর কোন অংশে কম নয়। আগে আগরতলা শহরে গাড়ি পার্কিং-এর কোন ব্যবস্থা ছিল না। ফলে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা হতো। বর্তমানে মাল্টি লেভেল কার পার্কিং-এরও ব্যবস্থা হয়ে গেছে। এখন থেকে এই মাল্টি লেভেল কার পার্কিং সংলগ্ন চার পাশের রাস্তায় আর কাউকে গাড়ি পার্কিং করে রাখতে দেওয়া হবে না। বটতলা ও নেতাজী চৌমুহনী এলাকায় অনুরূপ কার পার্কিং-এর ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পি.এম.আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল ও কমার্শিয়াল কার পার্কিং হওয়ার ফলে রাজ্যের প্রায় ১ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বর্তমানে নিরাপদ রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে ত্রিপুরা রাজ্য। যার কারণে বহিঃরাজ্য থেকে বিনিয়োগকারিরা রাজ্যে আসছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরা সম্পর্কে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা।