Home » নবমীর রাতে রামনগর ১ নং রোড এলাকায় আক্রান্ত চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ও তার ছেলে

নবমীর রাতে রামনগর ১ নং রোড এলাকায় আক্রান্ত চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ও তার ছেলে

by sokalsandhya
0 comments

আগরতলা : সুশাসনের রাজ্যে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্র কয়েকদিন পূর্বে জিবি বাজার এলাকায় তিন সংবাদ কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এইবার রামনগরে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের উপর হামলা চালালো দুষ্কৃতিরা। মঙ্গলবার গভীর রাতে রামনগর ১ নং রোডের যুব সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় আক্রান্ত হন সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ও তার ছেলে। এই ঘটনায় ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১ টা ১০ মিনিট নাগাদ রামনগর ১ নং রোডের যুব সংঘ ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় রাস্তার একাংশ ফাঁকা থাকা সত্ত্বেও বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যর স্ত্রী ও ছেলে ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়ার পর তিনি বাঁশটি সরিয়ে বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ তখনই পাশের একটি গলিতে দাঁড়িয়ে মদ্যপানরত কয়েকজন যুবক তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরবর্তীতে তাঁরা অভিজিৎ ভট্টাচার্যের উপর হামলা চালায়। বাবার উপর হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করে তার ছেলে। অভিযোগ, সেই সময় অভিযুক্তরা তার ছেলের কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে ভেঙে দেয়। পাশাপাশি তাকেও মারধর করা হয়। এই ঘটনায় বাবা ও ছেলে আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আইজিএম হাসপাতালে ছুটে যান এবং আক্রান্তদের খোঁজখবর নেন। বুধবার সকালে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারও চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এবং গোটা ঘটনার বিষয়ে অবগত হন। পড়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য-র উপর হামলা নিন্দা জনক ঘটনা। বিনা প্ররোচনায় অভিজিৎ ভট্টাচার্য ও তার ছেলের উপর হামলা চালানো হয়েছে। যারা অভিজিৎ ভট্টাচার্য-র উপর হামলা চালিয়েছে তারা যুব সংঘ ক্লাবের সদস্য নাকি মাফিয়া তাতে সন্দেহ রয়েছে। প্রণব সরকার দাবি জানান বাকি অভিযুক্তদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ও তার ছেলের উপর হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের জালে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ। চিত্র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য-র উপর হামলার ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles