আগরতলা : ঘোষণা করা হল আগরতলা পুর নিগম সহ মোট ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনের দিন ক্ষণ। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী জানান রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে মোট আসন রয়েছে ৩৪৫ টি। তার মধ্যে উপজাতি সংরক্ষিত রয়েছে ৯ টি আসন, তফশীলি জাতি সংরক্ষিত ৮০ টি আসন এবং মহিলা সংরক্ষিত রয়েছে ১৬২ টি আসন। ২৫৬ টি আসন অসংরক্ষিত। ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট ২৩ জন রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। শুক্রবার নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। তার সাথে সাথে লাগু হয়ে গেছে নির্বাচনী আচরণ বিধি। ৩১ অক্টোবর থেকে মনোনয়ন পত্র উত্থাপন ও জমা দেওয়ার কাজ শুরু হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। এই সময়ের প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্থাপন ও জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে ৭ নভেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১০ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। যদি কোথাও পুনঃভোটের প্রয়োজন হয় তাহলে পুনঃভোট হবে ৩০ নভেম্বর। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ২ ডিসেম্বর। ভোট গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৪ ডিসেম্বরের মধ্যে। ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনের জন্য মোট পোলিং স্টেশন রয়েছে ৭৮৩ টি। উল্লেখ্য ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট ভোটার রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৯০৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লক্ষ ৮ হাজার ১১৫ জন। মহিলা ভোটার রয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৭৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৫ জন।
রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর
2