Home » বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, ২৩ জেলায় নাশকতার অভিযোগ! হাসিনার দলকে রুখতে পথে বিএনপি-জামাত, সতর্ক অবস্থানে তারেক সরকার

by sokalsandhya
0 comments

বাংলাদেশ : বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। একাধিক জেলায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে বলে খবর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে দুটি ট্রেন ও রেললাইনে আগুন ধরানোর পাশাপাশি অন্তত ১২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

 

পরিস্থিতি মোকাবিলায় এবার রাজনৈতিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ রুখতে আলাদাভাবে পথে নামার ডাক দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

 

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা ও পাবনাসহ একাধিক জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। সিলেটে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালিতে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক শাখায় হামলা ও দফতরের সামনের দরজায় অগ্নিসংযোগের অভিযোগও সামনে এসেছে।

 

তবে পরিস্থিতি মোকাবিলায় এখনই কঠোর দমনমূলক পদক্ষেপ নিতে চাইছে না তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারি সূত্রের দাবি, ধারাবাহিক অশান্তির পিছনে আওয়ামী লীগের উস্কানি থাকতে পারে। প্রশাসন অতিরিক্ত কঠোর হলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগই সুবিধা পেতে পারে বলে আশঙ্কা করছে সরকার। তাই পাল্টা হিংসার পথে না হেঁটে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই আওয়ামী লীগের মোকাবিলা করতে চাইছে বিএনপি।

 

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অশান্তি ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার লালমনিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যথেষ্ট হয়েছে। সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও খুনিদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে চান তিনি। নাম উল্লেখ না করেই একটি গোষ্ঠীর বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিদেশে আশ্রয় নিয়ে সেই গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

অন্যদিকে, বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও আওয়ামী লীগের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনও জায়গা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

 

এদিকে অশান্তির আগুন ছড়িয়েছে গোপালগঞ্জেও। বুধবার গভীর রাতে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে খবর। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একই দিন দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বলে অভিযোগ। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ একাধিক যানবাহনও আগুনে পুড়ে যায়। এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

 

এর পাশাপাশি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষোভও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই আন্দোলনের পিছনেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি সরকার। অন্যদিকে, নড়াইলে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যুর খবর সামনে এসেছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক চালকেরও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরুও রয়েছেন বলে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।

 

অশান্তির জেরে গোপালগঞ্জে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শুধু গোপালগঞ্জের অভ্যন্তরীণ রুট নয়, জেলার উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলিও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একইভাবে ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে ওই মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।

 

সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক জল্পনা, আওয়ামী লীগের ফের সক্রিয় হওয়ার চেষ্টা এবং বিএনপি-সহ বিরোধী দলগুলির পাল্টা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles