তিলকের শতরান ও শাহবাজ়ের লড়াইও বাঁচাতে পারল না ভারতকে, উঠতি তারকাদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৪৮ রানে হার

Tilak Varma (C)of India 'A' and Shahbaz Ahmed of India 'A' during Match 8 of the DP World Men’s Asia Cup Rising Stars 2026 between India A and Pakistan Shaheens at West End International Cricket Stadium, Doha, Qatar, on November 22, 2026. Photo by: Sumeet Parmar / CREIMAS

আগরতলা : তিলক বর্মার দুর্দান্ত শতরান এবং শাহবাজ় আহমেদের মরিয়া লড়াই সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল না ভারত। ব্যাটারদের একের পর এক ভুল শট নির্বাচনের খেসারত দিতে হল দলকে। ৪৮ রানে পরাজয়ের মুখ দেখতে হল ভারতের উঠতি তারকাদের।

 

উঠতি তারকাদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণে শেষ হাসি হাসল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ওভারে ৩১৩ রানের বড়সড় পুঁজি গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস থামে ২৬৫ রানে। ফলে ৪৮ রানের ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান। ভারতের হয়ে তিলক বর্মা ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও তা দলের পরাজয় আটকাতে পারেনি।

 

পাকিস্তানের জয়ে বড় ভূমিকা নেন হাসান নওয়াজ। ব্যাট হাতে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ৪৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই পাকিস্তানকে ম্যাচে বাড়তি সুবিধা এনে দেয়।

 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেন শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেন। তাঁদের জুটিতে মাত্র ৭.৫ ওভারেই উঠে আসে ৬৬ রান। এরপর হর্ষিত রানার বলে শামিল হুসেন আউট হন। রোহেল নাজিরকেও ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলার চেষ্টা করে ভারত।

 

তবে সেখান থেকে দলের হাল ধরেন মাজ সাদাকাত ও হাসান নওয়াজ। তৃতীয় উইকেটে তাঁদের গুরুত্বপূর্ণ জুটি পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। সাদাকাত ৫৯ রান করে আউট হওয়ার পর অধিনায়ক আব্দুল সামাদ ও নওয়াজ দলের রান এগিয়ে নিয়ে যান। সামাদ করেন ৬৫ রান। অন্যদিকে নওয়াজের ব্যাট থেকে আসে ৭৯ রান। পরবর্তীতে ফারহান ইউসুফের ৪৮ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস এবং মহম্মদ ইমরানের ১৪ বলে ২৩ রান পাকিস্তানকে ৩১৩ রানের লক্ষ্যে পৌঁছে দেয়।

 

৩১৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। বৈভব সূর্যবংশী মাত্র ১১ রান করে ফিরে যান। আয়ুষ খাতাও খুলতে পারেননি। এরপর অভিষেক ও তিলক বর্মা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। অভিষেক ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। কিন্তু অভিষেকের বিদায়ের পরই ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামে।

 

একটির পর একটি উইকেট হারাতে থাকে ভারত। কুমার কুশাগ্র ২, রিঙ্কু সিং ৬ এবং সূর্যাংশ শেডগে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ১২৯ রানে ৬ উইকেট। তখন কার্যত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে ছিল ভারত।

 

তবে হাল ছাড়েননি তিলক বর্মা ও শাহবাজ় আহমেদ। সপ্তম উইকেটে দু’জনে মিলে ১১২ রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতকে ফের লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তিলক একদিকে ধৈর্যের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান, অন্যদিকে শাহবাজ়ও দায়িত্বশীল ব্যাটিং করে জয়ের আশা জিইয়ে রাখেন।

 

কিন্তু শাহবাজ় আহমেদ আউট হতেই ভারতের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। পরবর্তী ব্যাটাররা কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত তিলক বর্মা নিজের শতরান পূর্ণ করেন। তাঁর ১০০ রানের ইনিংসও দলের কাজে এল না। নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই ২৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।

 

এই ম্যাচে ভারতের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে টিকে থাকার পরিবর্তে একের পর এক ব্যাটার অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট হারান। অন্যদিকে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে পাকিস্তান।

 

সব মিলিয়ে তিলক বর্মার শতরান ও শাহবাজ়ের লড়াকু ইনিংস স্মরণীয় হয়ে থাকলেও দলগত ব্যর্থতায় পাকিস্তানের কাছে হার স্বীকার করতে হল ভারতকে।

Related posts

উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

BJP works 365 days, Congress and CPIM remember people during elections: CM