উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

উত্তরপ্রদেশ : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির সঙ্গে জোট নিয়ে আশাবাদী কংগ্রেস। তবে জোটের প্রশ্নে কোনওভাবেই নিজেদের রাজনৈতিক সম্মান বিসর্জন দিতে রাজি নয় রাহুল গান্ধীর দল। আসন বণ্টনের ক্ষেত্রে সম্মানজনক সমঝোতার পক্ষেই সওয়াল করেছে কংগ্রেস।

 

উত্তরপ্রদেশের ৪০৩ আসনের বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিজেপিকে পরাস্ত করতে বিরোধী শিবিরের ঐক্য কতটা মজবুত হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিশেষ করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা কোন পথে এগোয়, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

 

‘দ্য হিন্দু’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশে কংগ্রেসের ইনচার্জ রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে জোট নিয়ে তাঁরা আশাবাদী। তবে আসন বণ্টনের ক্ষেত্রে একটি সম্মানজনক সমঝোতা চান তাঁরা।

 

সম্প্রতি অখিলেশ যাদব দাবি করেছিলেন, কংগ্রেস সমাজবাদী পার্টির কাছে ১৮১টি আসন চেয়েছে। যদিও এই দাবি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, ইতিমধ্যেই সমাজবাদী পার্টির কাছে আসনের একটি তালিকা পাঠানো হয়েছে। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তিনি আরও জানান, আগামী সোমবার বিকেলে দুই দলের মধ্যে প্রথম দফার বৈঠক হতে পারে। ওই বৈঠকে কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কে সি বেণুগোপাল-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে ১০৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। কিন্তু জয় এসেছিল মাত্র সাতটি আসনে। অন্যদিকে সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭টি আসন। পরবর্তী সময়ে দুই দলের জোট ভেঙে যায়। ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ফলাফল ছিল অত্যন্ত হতাশাজনক। ৩৯৯টি আসনে লড়াই করে জয় পেয়েছিল মাত্র দুটিতে। অন্যদিকে ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টি আসনে জয়ী হয় সমাজবাদী পার্টি।

 

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ছবিটা অনেকটাই বদলে যায়। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করে উল্লেখযোগ্য সাফল্য পায় কংগ্রেস ও সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে জোটের ঝুলিতে আসে ৪৩টি আসন। এই ফলাফলই আগামী বিধানসভা নির্বাচনেও দুই দলের একসঙ্গে লড়াইয়ের সম্ভাবনাকে জোরালো করেছে।

 

যদিও আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিতও মিলছে। সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান সম্প্রতি মন্তব্য করেছেন, বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে অখিলেশ যাদবই বেশি কার্যকর ভূমিকা নিতে পারেন। তাঁর মতে, কংগ্রেসকে প্রায় ৪০টি আসনের বেশি ছাড়ার প্রয়োজন নেই।

 

এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, অতীতের তুলনায় বর্তমানে কংগ্রেস অনেক বেশি শক্তিশালী। তাই জোট হলেও তা সম্মানজনক হতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও নেতৃত্বের উপরও আস্থা প্রকাশ করেছেন তিনি।

 

সব মিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতার উপর। সোমবারের সম্ভাব্য বৈঠকে দুই দলের মধ্যে কতটা বরফ গলে, শেষ পর্যন্ত আসন বণ্টন নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related posts

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

তিলকের শতরান ও শাহবাজ়ের লড়াইও বাঁচাতে পারল না ভারতকে, উঠতি তারকাদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৪৮ রানে হার

BJP works 365 days, Congress and CPIM remember people during elections: CM