নয়াদিল্লি : প্রতিবেশী দেশ নেপালের উন্নয়ন ও পরিকাঠামো সম্প্রসারণে ১৫,০২২ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি জ্বালানি, জলবিদ্যুৎ, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দু’দিনের ভারত সফরে রবিবার নয়াদিল্লিতে পৌঁছান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি, জলবিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আটটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফরেনসিক বিজ্ঞান, স্বাস্থ্য, নগরোন্নয়ন ও মৎস্য খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, ভারতের ঘোষিত আর্থিক প্যাকেজের মধ্যে ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন ও নতুন পরিকাঠামো উন্নয়নে প্রায় ৩,৫০০ কোটি টাকা এবং জ্বালানি প্রকল্পে প্রায় ১১,৫০০ কোটি টাকা বরাদ্দের বিষয় রয়েছে।
এদিন দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সংযোগকারী ‘সরযূ-কমলা এক্সপ্রেস’-এর যাত্রার সূচনা করেন দুই প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করা হয়। দুই রাষ্ট্রনেতা নেপালে ভারতের আর্থিক সহযোগিতায় নির্মিত দুটি জ্বালানি ও যোগাযোগ প্রকল্পেরও উদ্বোধন করেন। পাশাপাশি আরও তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও নেপালের সম্পর্ক কেবল প্রতিবেশীসুলভ নয়, বরং গভীর আস্থা, ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। দুই দেশ একে অপরের আনন্দ যেমন ভাগ করে নেয়, তেমনই কঠিন সময়েও পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, নেপাল ছাড়া ভারতের রামও অসম্পূর্ণ।
অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। তাঁর কথায়, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো সুউচ্চ এবং সমুদ্রের মতো বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কঠিন পরিস্থিতিতে ভারতই নেপালের পাশে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের প্রসারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অযোধ্যা-জনকপুর রেল যোগাযোগের ফলে রামায়ণ সার্কিটে পর্যটন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী। পাশাপাশি বৌদ্ধ এবং শৈব-শক্তি ধর্মীয় পর্যটন সার্কিট গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।
সব মিলিয়ে ‘বিকশিত ভারত ও সমুন্নত নেপাল’—এই যৌথ লক্ষ্যকে সামনে রেখে দুই দেশ ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের নতুন রূপরেখা গ্রহণ করেছে। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক ভারত-নেপাল সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে
পারে।