রক্তদানের মধ্যে একটা মমত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা রয়েছেঃমুখ্যমন্ত্রী

oplus_140509184

আগরতলা : স্বেচ্ছা রক্তদানে মানুষকে এগিয়ে আসতে প্রতিনিয়ত বার্তা দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কদিন পরপরই বিভিন্ন জায়গায় আয়োজিত স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তিনি। এবার নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে যোগদান করেন তিনি। মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সমাজের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ। সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে এই সংস্থাটি। এই ধর্মীয় প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রমের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আধ্যাত্মিক সচেতনতা ও মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এধরনের রক্তদান শিবিরের মতো সামাজিক কার্যক্রম করে সবাইকে একসূত্রে গাঁথার কাজ করছে মহানাম সংঘ। এতে ধর্মীয় প্রচারের পাশাপাশি মানবিক সেবাও করা হচ্ছে। এরফলে মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে। মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে। বক্তব্যে মুখ্যমন্ত্রী আরো বলেন, যুব প্রজন্মকে স্বেচ্ছা রক্তদানে আরো উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের মধ্যে অসামাজিক চিন্তাভাবনার প্রবণতা আসবে না। রক্তদানের মধ্যে একটা মমত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, মহানাম সেবক সংঘের কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

 

 

 

Related posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূজায় সামিল হলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

TFA পরিচালিত এ-ডিভিশন ফুটবল লিগে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার