আগরতলা : সভ্যতা যতই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে ততই এক শ্রেণীর মানুষের নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এক্ষেত্রে কিছু অংশ নিজেরই কর্মক্ষেত্রকে অপরাধের নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিচ্ছে। বর্তমানে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রী চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে যুক্ত থাকায় পরিচারক বা পরিচারিকার কাছে বাড়ির নিরাপত্তা সপে দিয়ে কর্মস্থলে চলে যায়। কিন্তু সেক্ষেত্রে বাড়ির কাজের মহিলার কাছেও নিরাপদ নয় বাড়ি। এমন অজস্র উদাহরণ রয়েছে বিভিন্ন জায়গায়। এবার এমনই একটি ঘটনায় আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার বাড়িরই দীর্ঘদিনের পরিচারিকা। পরবর্তীতে চুরির সামগ্রী সহ ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এবিষয়ে মঙ্গলবার পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন সংবাদমাধ্যমকে জানান, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতি দাস চৌধুরী সোমবার তাদের বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে থানায় অভিযোগ জানান। এনিয়ে অভিযোগকারিণী সন্দেহের আঙুল তুলেন তাদেরই বাড়ির কাজের মহিলার দিকে। যথারীতি এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে সন্দেহভাজন ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে নেয়। পরে তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা এবং চুরি যাওয়া অন্যান্য কসমেটিকস সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় আরও একবার মালিক ও কাজের লোকের মধ্যে বিশ্বাসভঙ্গের নজির সামনে উঠে এলো। প্রবাদেই রয়েছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই ঘটনায় অভিযুক্ত মহিলার ঠাঁই হলো সোজা গারদের কুঠুরি।
এক বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার গৃহপরিচারিকা
1