আগরতলা : শিক্ষা ভবনের সামনে ধর্না ২০২২ সালের এস.টি.জি.টি পরীক্ষার্থীদের। মূলত তাদের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে এইদিন তারা ধর্নায় বসে। ২০২২ সালে রীতিমতো সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে এস.টি.জি.টি-র পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এই পরীক্ষার এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয় নি। ২০২২ সালের এস.টি.জি.টি পরীক্ষার্থীদের অভিযোগ ২০২৫ সালে যে এস.টি.জি.টি-র পরীক্ষা নেওয়া হয়েছে তার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। অথচ তাদের পরীক্ষার ফলাফল এখনো পর্যন্ত প্রকাশ করা হয় নি। এমনকি কবে নাগাদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তাও তারা জানতে পারছে না সঠিক ভাবে। তাই এইদিন তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছে। এইদিন সকাল থেকে লাগাতর তারা ধর্না কর্মসূচি চালিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়, কিন্তু তাদের ধর্না কর্মসূচি জারি থাকে। তাদের একটাই দাবি কবে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা নিশ্চিত করে জানাতে হবে। তারা আরও জানায় তারা বর্তমানে নিরুপায়। তারা বহুবার মন্ত্রী বিধায়কদের কাছে ছুটে গেছেন। কাজের কাজ কিছুই হয় নি। পুলিশ তাদের আটক করে নিয়ে গেলে তাদের কিছুই করার নেই। বিনা অনুমতিতে শিক্ষা ভবনের সামনে ধর্না কর্মসূচি সংগঠিত করায় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু আন্দোলনকারিরা স্পষ্ট জানিয়ে দেয় তাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়ে ছেড়ে দিলে তারা পুনঃরায় ফিরে এসে ধর্না কর্মসূচি শুরু করবে। শেষ পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। যথারীতি পুলিশ আন্দোলনকারীদের আটক করে এডিনগর অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। এডিনগর অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে আন্দোলনকারীদের কিছু সময় আটক করে রাখা হয়। পরবর্তী সময় বিনা শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
শিক্ষা ভবনের সামনে দিনভর আন্দোলনের পর গ্রেপ্তার ২০২২ সালের এস.টি.জি.টি পরীক্ষার্থীরা
22