জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

আগরতলা : রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার একান্ত আন্তরিক প্রচেষ্টা ও বিশেষ উদ্যোগে, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল-এর উদ্যোগে এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় ষষ্ঠতম এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩ নভেম্বের স্ক্রিনিং শুরু হয় এবং ৪ নভেম্বের থেকে ৬ নভেম্বের ২০২৬ পর্যন্ত এভি ফিস্টুলা সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়।

বর্তমানে কিডনি রোগ ও রেনাল ফেইলিউরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিডনি বিকল রোগীদের নিয়মিত হেমোডায়ালাইসিসের জন্য একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী ভাসকুলার অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বিবেচনায় রেখে ডায়ালাইসিস-নির্ভর রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের এভি ফিস্টুলা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

এই ষষ্ঠতম ক্যাম্পে ৪৬ জন রোগীর স্ক্রিনিং করা হয়। তার মধ্যে ২৮ জন রোগীর এভি ফিস্টুলা সার্জারি সম্পন্ন হয়। এর ফলে পূর্ববর্তী ক্যাম্পগুলির সঙ্গে মিলিয়ে এখন পর্যন্ত সফলভাবে ১২৮টি এভিএফ সার্জারি সম্পন্ন হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের প্রশাসন এই উদ্যোগকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জেন ছিলেন ডাঃ নীলোৎপল দে এবং নেফ্রোলজি বিভাগের এইচ.ও.ডি ডাঃ মানস গোপ, অ্যানেস্থেসিওলজিস্ট-এ ছিলেন ডাঃ সাথী ধর। শিজা হাসপাতালের পক্ষ থেকে কনসালটেন্ট প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাক্টিভ সার্জেন হিসাবে ছিলেন সার্জন ডাঃ নবকিশোর হাউবিজাম এবং ডাঃ ইন্দ্রনীল দত্ত, এছাড়া ছিলেন ডিএনবি ট্রেনি, প্লাস্টিক সার্জারি ডাঃ কার্তিকা শোভা পিল্লাই। তাঁদের দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

পর পর ৬টি ক্যাম্পে ১২৮ টি এভিএফ সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়া নিঃসন্দেহে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। অস্ত্রোপাচারে সম্পূর্ণ তদারকিতে ছিলেন সিনিয়র নার্সিং অফিসার তপতী চক্রবর্তী ও সঞ্জীব দাস। এই অর্জনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং সহযোগী সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হচ্ছে।

এই উদ্যোগের ফলে ডায়ালাইসিস-নির্ভর রোগীরা নিজ রাজ্যেই উন্নতমানের ভাসকুলার অ্যাক্সেস পরিষেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে রাজ্যের বাইরে রোগী রেফারের প্রয়োজনীয়তা কমবে, রোগীদের সময়, অর্থ ও শারীরিক-মানসিক দুর্ভোগ সাশ্রয় হবে এবং একইসঙ্গে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার সক্ষমতা ও মান আরও বৃদ্ধি পাবে।

আগামী দিনগুলিতে রোগী ও বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল এবং শিজা হাসপাতালের মধ্যে এই সহযোগিতা আরও শক্তিশালী, সুসংহত ও বিস্তৃত হবে—এই প্রত্যাশা রইল। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল রাজ্যের জনগণের জন্য উন্নত, আধুনিক, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Related posts

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী

দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী