Home » টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, অবসরের ঘোষণা ভারতীয় পেসারের

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, অবসরের ঘোষণা ভারতীয় পেসারের

by sokalsandhya
0 comments

আগরতলা : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শুক্রবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তার মাধ্যমে পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় দলের এই তারকা বোলার। তাঁর এই ঘোষণায় ভারতীয় ক্রিকেট মহলে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে শামি লেখেন, “আমি সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। তবে এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো চিরকাল থেকে যাবে। প্রথমবার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা। সেই থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে নতুন কিছু শিখিয়েছে।”

নিজের বার্তায় টেস্ট ক্রিকেটের প্রতি গভীর আবেগের কথাও তুলে ধরেছেন তিনি। শামির কথায়, টেস্ট ক্রিকেট তাঁর কাছে শুধুমাত্র একটি ফরম্যাট ছিল না, বরং জীবনের বিশেষ একটি অধ্যায়। অগণিত সুন্দর স্মৃতি এবং ভারাক্রান্ত মন নিয়ে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। পাশাপাশি সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-কেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন শামি। তাঁর ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি তাঁকে বিশ্বাস ও সুযোগ দেওয়ার জন্য দুই সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শামি আরও জানান, মাঠে টেস্ট ক্রিকেটের শেষ বলটি করা হয়ে গেলেও ভারতের হয়ে খেলার গর্ব চিরকাল তাঁর হৃদয়ে অমলিন থাকবে।

৩৬ বছর বয়সি এই অভিজ্ঞ পেসার শেষবার ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর চোট এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন তাঁকে টেস্ট দলে দেখা যায়নি।

তবে ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স অব্যাহত রেখেছিলেন বাংলার এই অভিজ্ঞ ক্রিকেটার। চলতি রঞ্জি ট্রফিতে তিনটি ম্যাচে ১৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচে সাতটি উইকেট শিকার করেন। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই পাঁচ দিনের ক্রিকেটের শারীরিক ধকল নিয়ে সমস্যায় ছিলেন শামি। এমনকি প্রায় দেড় বছর আগেই ঘনিষ্ঠ মহলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ২২৯টি উইকেট সংগ্রহ করেছেন মহম্মদ শামি। ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬ রানে ছয় উইকেট নেওয়া তাঁর টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শামির। অভিষেক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার।

নিখুঁত লাইন-লেন্থ, দুর্দান্ত সিম পজিশন এবং পিচ থেকে মুভমেন্ট আদায় করার অসাধারণ দক্ষতা তাঁকে আধুনিক ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেসারে পরিণত করেছে। চোটের সঙ্গে লড়াই করে বারবার জাতীয় দলে প্রত্যাবর্তনও তাঁর কেরিয়ারের অন্যতম বৈশিষ্ট্য।

টেস্ট ক্রিকেটের সাদা জার্সিকে বিদায় জানালেও আন্তর্জাতিক ক্রিকেটের অন্য ফরম্যাটে তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও অবসরের ঘোষণা করেননি শামি। ফলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, দেশের জার্সিতে এখনও তাঁকে বল হাতে দেখা যাবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles