আগরতলা, ২৪ নভেম্বর: আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের হয়ে বাড়ি বাড়ি প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এইদিন তিনি সূর্য চৌমুহনী রোড ও সেন্ট্রাল রোড এলাকায় বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে প্রচার করেন।
প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই সকালের দিকে তিনি নিজের বিধানসভা এলাকাসহ আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন। ত্রিপুরার বিধানসভা কেন্দ্রগুলি অত্যন্ত ছোট হওয়ায় মানুষের ঘরে ঘরে গেলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। সেই ধারাকে অব্যাহত রেখেই তিনি প্রচারে যাচ্ছেন এবং খুব ভালো সাড়া পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আলাদা কেউ নন, মুখ্যমন্ত্রী তো মানুষের কার্যকর্তা। ২০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনোদিন মানুষের বাড়ি বাড়ি যেতে দেখা যায়নি। কিন্তু তিনি ডোর টু ডোর প্রচার শুরু করার পর এখন বিরোধীরাও তাঁকে দেখে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি যাচ্ছেন।
ভোটের প্রচারে সাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের হার একদম ১০০ শতাংশ বাড়বে। প্রচুর মানুষের সাড়া মিলছে। কর্পোরেটররা কাজের নিরিখে খুব ভালো কাজ করেছেন, বিশেষ করে ২০ নম্বর ওয়ার্ডে। আগামী দিনে আরও বেশি কাজ হবে বলে মানুষের আশা আরও বেড়েছে।
সবশেষে ভোটারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা সকাল সকাল এসে ভোট দিন। দেশকে যদি বাঁচাতে হয়, রাজ্যকে যদি বাঁচাতে হয়, আর পাড়ায় পাড়ায় যে অশান্তির বাতাবরণ ছিল, সেই অশান্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে।
পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ড রত্না দত্তের হয়ে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা
20