Home » বিরল রোগে আক্রান্ত ২ বছরের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মা-বাবার

বিরল রোগে আক্রান্ত ২ বছরের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মা-বাবার

by sokalsandhya
0 comments

Agartala : মাত্র দুই বছরের অবুঝ শিশু। এখনো ঠিকভাবে মুখ ফুটে মা, বাবা ডাকতে পারেনি সে। এই ছোট্ট বয়সেই সে জটিল রোগে আক্রান্ত। মুখের গালের ডান পাশে বিরাট ফোলা তার। ডান চোখে তাকাতেও কষ্ট হয় তার। একমাত্র ছেলের চিকিৎসার জন্য অনেক জায়গায় গিয়েছেন। তবে এই চিকিৎসার জন্য মনশ্রী চৌধুরীর মতো কোটি কোটি টাকার প্রয়োজন নেই তাদের। সেই অর্থে প্রয়োজন নেই ক্রাউড ফান্ডিংয়েরও। মনশ্রীর জটিল রোগের চিকিৎসায় বিভিন্ন সহৃদয় ব্যক্তির প্রদেয় ও ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে উঠে আসা কোটি কোটি টাকার হিসেব মেলানোর মতো ঝুট ঝামেলাও নেই দেবানুজের পরিবারের। কারণ এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ১২ লক্ষ টাকার। কিন্তু সেই টাকাও নেই তার পরিবারের হাতে। এমনই এক করুণ পরিস্থিতি এবার উঠে এল উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অন্তর্গত উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ নমঃর দুই বছরের শিশু পুত্র দেবানুজ নমঃ দীর্ঘদিন ধরেই বিরল রোগে আক্রান্ত। প্রসেনজিত পেশায় একজন রংমিস্ত্রি। কাজ থাকলে দিনে রোজগার প্রায় ৫০০ টাকার মতো। আর কাজ না থাকলে আয়ের খাতা শূণ্য হয়ে থাকে। এমন একটা দরিদ্র পরিবারে ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। দেখানো হয় ডাক্তারকে। চিকিৎসার আনুমানিক খরচ হিসেবে প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানতে পেরেছেন তার বাবা মা। এরপরই পরিবারের পক্ষ থেকে সরকারি দপ্তরে যোগাযোগ করার পর সরকারি সহায়তা হিসেবে চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা পাওয়া যায়। কিন্তু চিকিৎসার বিপুল খরচের তুলনায় এই অর্থ যথেষ্ট নয়। ফলে এখনও সম্পূর্ণ চিকিৎসা করানো নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় পরিবারটির। সন্তানের এই অবস্থা দেখে জন্মদাত্রী মায়ের বুক ফেটে যায়। দুচোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতকারেও শিশু সন্তানের জন্য কান্নায় ভেঙে পড়েন তিনি। একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়ভার—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি দেবানুজের পরিবার। এই অবস্থায় সন্তানের চিকিৎসার স্বার্থে ধর্মনগর মহকুমার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সকল সহৃদয় ও মানবিক মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন দেবানুজের বাবা প্রসেনজিৎ নমঃ। তার আবেদন, সকলের সামান্য সহযোগিতা ও মানবিক উদ্যোগ হয়তো ছোট্ট দেবানুজের চিকিৎসার পথকে অনেকটাই সহজ করে তুলতে পারে। সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহৃদয় মানুষের কাছে পরিবারের আকুল আবেদন, শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাই মানবিকতার হাত প্রসারিত হোক সকলের। সুস্থভাবে বেঁচে থাকুক ছোট্ট দেবানুজ। সমৃদ্ধ হোক তার ভবিষ্যৎ। এরজন্য দরকার শুধু সমাজের কিছু মানবিক মুখ। দরকার শুধু কিছু আর্থিক সহায়তা। এভাবেই তো বেঁচে থাকবে মানবতা, মানবিক মূল্যবোধ। আমার, আপনার সকলের সহায়তায় মুখে হাসি ফুটুক এক অভাবী পরিবারের।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles