আগরতলা, ১৩ নভেম্বর: গভীর রাতে কংগ্রেস কর্মীর গাড়ি ভাঙচুর। ঘটনা মোল্লাপাড়া তুলার মাঠ এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে এক কংগ্রেস কর্মীর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টা নাগাদ গাড়ির মালিক আজিত মিয়ার কাছে ফোন যায়। তাকে জানানো হয়, তাঁর গাড়িটি ভাঙচুর করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে পৌঁছে দেখতে পান, তাঁর গাড়িটি ভাঙচুর করে কার্যত চুরমার করে দেওয়া হয়েছে। আজিত মিয়ার অভিযোগ, তিনি কংগ্রেস দলের কর্মী হওয়ার কারণেই এই হামলার ঘটনা সংগঠিত করা হয়েছে। পাশাপাশি এলাকার বিজেপি সমর্থক হিসেবে পরিচিত জাকির মিয়া ও শিখা সরকার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি ঐ দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি আরও অভিযোগ করেন এলাকার একটি অঙ্গনওয়াড়ি স্কুলে রাতে মদের আসর বসেছিল। সেখানে মদ্যপানের পর এই ঘটনা সংগঠিত করা হয়েছে বলে তার সন্দেহ। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক অজিত মিয়া ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রামনগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
মোল্লাপাড়া তুলার মাঠ এলাকায় গভীর রাতে কংগ্রেস কর্মীর গাড়ি ভাঙচুর
6