আগরতলা, ১৩ নভেম্বর: ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য স্তরের সম্মেলন। মূলত ২০২৭ সালের জনগণনাকে সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রজ্ঞা ভবনে শুক্রবার রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর এবং ভারত সরকারের জনগণনা কার্যক্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা। সাথে উপস্থিত ছিলেন অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের সচিব বিকাশ সিং, জনগণনা কার্যক্রমের নোডাল আধিকারিক তথা পরিকল্পনা দপ্তরের সচিব, ভারতের রেজিস্ট্রার জেনারেলের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। সম্মেলনে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা বলেন জনগণনা একটা গুরুত্বপূর্ণ কাজ। প্রথম পর্যায়ে যে হাউজ লিস্টিং করা হয়েছে, তা খতিয়ে দেখে কোথাও কোন ভুল হয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ের কাজের সময় তা সংশোধন করার জন্য অনুরোধ করেন জে.কে সিনহা। এইবারের জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইবারের জনগণনা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। তাই এই জনগণনায় যেন কোন ভুল না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কোথাও কোন ভুল হলে পরবর্তী সময় সমস্যায় পড়তে হবে।
এইবারের জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণঃমুখ্য সচিব জে.কে সিনহা
3