আগরতলা, ২৪ নভেম্বর: – বলা চলে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। বুধবার বিকেল চারটায় শেষ হতে যাচ্ছে নির্বাচনের সরব প্রচার। এর আগে ঝড়ো গতিতে নির্বাচনী প্রচারে সামিল হলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব। আর আগরতলা পুর নিগমের ৫১টি আসন দখলের লড়াইয়ে শেষ মুহূর্তেও সরব প্রচারে ময়দানে নেমে দলীয় প্রার্থীদের পক্ষে গলা ফাটাচ্ছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার একাই আগরতলার বেশ কয়েকটি জায়গায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন বিকেলে আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী পিনাকি চক্রবর্তীর সমর্থনে রামনগর এলাকায় রোড শোয়ে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দলীয় প্রার্থী পিনাকিকে সবাই স্বাগত জানাচ্ছেন। তাঁকে প্রার্থী হিসেবে পেয়ে এখানকার মানুষ বেশ খুশি। জনসমর্থনের নিরিখে আগামী ২ তারিখ কি ফলাফল হতে যাচ্ছে সেটা একপ্রকার পরিষ্কার। মুখ্যমন্ত্রী আরো বলেন, মার্ক্সের উত্তরাধিকারী কমিউনিস্টরা যেভাবে ৩৫ বছর ধরে রাজ্যে অত্যাচার নিপীড়ন করে গেছে তার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৮ সালে মুক্তিলাভ করেছে এই রাজ্যের মানুষ। তাই তাদেরকে আর কোনভাবে ফিরিয়ে আনা যাবে না। তাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত এই রোড শোয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি নেতা অমিত রক্ষিত, বড়দোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব, প্রার্থী পিনাকী চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব।
২ ডিসেম্বর পুর ও নগর নির্বাচনের কি ফলাফল হতে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছেঃমুখ্যমন্ত্রী
20