বিপুল পরিমাণ অর্থ সহ পুলিশ কনস্টেবলের স্ত্রীর ভাইরাল ছবির ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করল পশ্চিম থানার পুলিশ

oplus_0

আগরতলা : বাম আমলে বাম নেতা টাকার উপর ঘুমানোর ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তৎকালীন সময় বহু তর্ক বিতর্ক হয়েছিল। যদিও দল সেই সময় ঐ কর্মীর বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করলো। বাম আমল গিয়ে আসল রাম আমল। আর এই সময়ের মধ্যদিয়ে ধলাই নদী দিয়ে বহু জল গড়িয়ে গেল। কালের পরিবর্তন হল। কিন্তু বাম আমলে বাম নেতা টাকার উপর ঘুমানোর মতো ঘটনা ফের একবার প্রকাশ্যে আসল। এইবার কোন রাজনৈতিক নেতা নয়। এইবার ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের স্ত্রী লক্ষ লক্ষ টাকার বান্ডেল সামনে সাজিয়ে রেখে ধনের দেবি লক্ষ্মীর পুজা করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হল। এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে আরক্ষা প্রশাসন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধলাই জেলার সালেমা থানায় ১৬ মে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখনো পর্যন্ত সালেমা থানা ও রাজধানীর এনসিসি থানায় প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। উঠে এসেছে দুই পুলিশ কনস্টেবল ও এক টিএসআর জওয়ানের নাম। তাদেরকে ইতিমধ্যে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে ডিআইজি নর্দান রেঞ্জ ও আই.জি আইন-শৃঙ্খলাকে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রাখলেও সেই বিপুল পরিমাণ নগদ অর্থ এখনো উদ্ধার করতে পারে নি। তবে যতটুকু খবর তদন্তক্রমে পুলিশ জানতে পেরেছে এই ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের নভেম্বর মাসে রেকর্ড করা হয়েছিল। যদি তা সত্য হয়ে থাকে তবে এই সময়ের মধ্যে এই বিপুল টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা সামনে আসা জরুরি। কারন এই বিপুল পরিমাণ টাকা মাদক কারবারে বিনিয়োগ করা হয় নি তো ? যদিও পুলিশ গোটা বিষয় তদন্ত করে দেখছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে। সালেমা থানায় রুজু হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এইদিকে পশ্চিম আগরতলা থানায় রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আরও দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল নন্দুরানি দেববর্মা ও সঞ্জনা দেববর্মা। মঙ্গলবার ১০ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। এখন দেখার পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আর কি কি রহস্য উন্মোচন করতে পারে।

Related posts

টি.বি.এস.ই-র সভাপতির নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই ও স্বাভিমান সামাজিক সংস্থা

পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সড়ক অবরোধ এবিভিপি-র

সংগঠনের মান বাঁচাতে রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল বিএমএস পশ্চিম জেলা কমিটি