আগরতলা : শনিবার এডি নগর পুলিশ গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় সড়ক নিরাপত্তার সরঞ্জাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন লাইসেন্স দেওয়ার পূর্বে সঠিক ভাবে পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়া উচিত। বিভিন্ন দপ্তর সবং সংস্থার নিয়মিত মিটিং প্রয়োজন। পূর্ত দপ্তর, পরিবহণ দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সড়ক নিরাপত্তার সরঞ্জাম দেখতে ছোট হলেও এইগুলি গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাসে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করে দুর্ঘটনা প্রবণ এলাকা গুলি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। দুর্ঘটনা প্রবণ এলাকা গুলিতে কি কি ব্যবস্থার প্রয়োজন তা খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধি করতে হবে। গতি নিয়ন্ত্রণ করে যানবাহন চালানোর জন্য যান চালকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন যত্রতত্র যানবাহন পার্কিং করে রাখা কাম্য নয়। গাড়ি বিক্রয় করার সময় কোম্পানি গুলিকে ক্রেতার গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ট্রাফিক দপ্তরের মূল উদ্দেশ্য শুধুমাত্র আইন প্রয়োগ করা নয়, মানুষের জীবন রক্ষা করা। দুর্ঘটনা হলে একজন ব্যক্তির ক্ষতি হয় না, একটি পরিবারের সমস্যা হয়। সড়ক দুর্ঘটনা ও প্রাণ হানী যত বেশি কমানো যায় ততবেশি ভালো। সকল দপ্তরের মধ্যে সমন্বয় থাকলে যান দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে। যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোন কোন পরিবারের কাছে দেখা যায় একাধিক যানবাহন রয়েছে। অথচ ঐ পরিবারের একটি গাড়ি থাকলে চলে। যানবাহন বৃদ্ধি পাওয়ার কারণে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই যুব সমাজের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান সচেতন হয়ে যানবাহন চালানোর জন্য। এইদিন ট্রাফিক দপ্তরকে ১ কোটি ২৯ লক্ষ টাকার নিরাপত্তার সরঞ্জাম প্রদান করা হয়। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি.এস রাও, ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির সহ অন্যান্য আধিকারিকরা।
শুধুমাত্র আইন প্রয়োগ করে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়ঃমুখ্যমন্ত্রী
5