নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: রাজধানীর রাধানগরস্থিত বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে মহা কঠিন চীবর দান উৎসব পালন করা হয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হলো ৪৯ তম বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব মহা কঠিন চীবর দান উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। উল্লেখ্য কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র দান হিসেবে বিবেচিত। এই উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হলো বৌদ্ধ ধর্মগুরুদের জন্য চীবর বা পরিধেয় বস্ত্র প্রস্তুত করা। উৎসবের প্রথম দিন মন্দির প্রাঙ্গণে সারা রাত ধরে মহিলারা ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য বস্ত্র বুনন করেন। পরদিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই চীবর বৌদ্ধ ধর্মগুরু বা ভান্তেদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার বিকালে পঞ্চশীল গ্রহণ ও দানীয় সামগ্রী উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় বৌদ্ধ ধর্মগুরু নন্দপাল মহাস্থবির উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এরপর বেইন ঘরের উদ্বোধন করা হয়। পরবর্তীতে চরকায় সুতা কাটা, সুতা তুম ও নলি করা, বেইন টানা, বেইন ভাজা সহ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চীবর বুননের কাজ শুরু হয়। তারপর রবিবার অনুষ্ঠিত হয় মহা কঠিন চীবর দান উৎসব।
রাধানগরস্থিত বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল মহা কঠিন চীবর দান উৎসব
1