আগরতলা : দুর্গা প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে দশমীঘাটে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে ক্লাব ও বিভিন্ন সংস্থাকে একাধিক নির্দেশ দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার দশমীঘাটের নিরঞ্জনস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানান, প্রতিমা নিরঞ্জনের জন্য যে সকল ক্লাব ও সংস্থা গাড়ি নিয়ে আসবে, তাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে, চালক যেন কোন ভাবেই মদমত্ত অবস্থায় গাড়ি না চালান। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিরঞ্জনস্থলে ডিজে নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র। কোনও ধরনের শব্দযন্ত্র নিয়ে যাতে কেউ নিরঞ্জনস্থলের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানান তিনি। নিরঞ্জন পর্বে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং গোটা প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের উদ্যোগে ঢাকের বাজনা, মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হবে। ঐতিহ্যবাহী এই আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তিকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দশমীঘাটে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান দীপক মজুমদার। দশমী ঘাটে প্রশাসনিক ও পুর নিগমের ব্যবস্থাপনায় যাতে নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয় সেই লক্ষ্যে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এইদিন দশমী ঘাটের সকল ব্যবস্থাপনা সরজমিনে খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকরা।
দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনস্থলে ডিজে নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধঃমেয়র দীপক মজুমদার
3
previous post