আগরতলা, ১০ই নভেম্বর : পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এইদিন মনোনয়ন পত্র প্রত্যাহারের পর সাংবাদিক সম্মেলন করে রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী জানান ৬ নভেম্বর বিকাল তিনটা পর্যন্ত ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট মনোনয়ন পত্র জমা পড়েছে ১ হাজার ১০৯ টি। প্রার্থী রয়েছে ৮৭৯ জন। বিজেপির থেকে মনোনয়ন পত্র জমা পড়েছে ৪৬৭ টি, প্রার্থী রয়েছে ৩৪৫ জন। সিপিআইএম জমা দিয়েছে ৩৫৯ টি, প্রার্থী রয়েছে ২৬৩ জন। কংগ্রেস জমা দিয়েছে ২৩২ টি, প্রার্থী রয়েছে ২২১ জন। তিপ্রা মথা পার্টি জমা দিয়েছে ১৫ টি, প্রার্থী রয়েছে ১৫ জন। নির্দল সহ অন্যান্য দল থেকে জমা দিয়েছে ৩৬ টি মনোনয়ন পত্র, প্রার্থী রয়েছে ৩৫ জন। ৭ নভেম্বর মনোনয়ন পত্র স্কুটিনীর পর ৮৫৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ পাওয়া যায়। যার মধ্যে বিজেপির ৩৪২ জন, সিপিআইএম-এর ২৫১ জন, কংগ্রেস-এর ২১৬ জন। তিপ্রা মথার ১৫ জন। নির্দল সহ অন্যান্য দল থেকে জমা দেওয়া ৩৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ পাওয়া যায়। মোট ৪৯ টি মনোনয়ন পত্র অবৈধ হিসাবে ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। যার মধ্যে সিপিআইএম-এর ২৩ জন, কংগ্রেস-এর ১৫ জন। তিপ্রা মথার ৫ জন। নির্দল সহ অন্যান্য দলের ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনের পর নির্বাচনে লড়াই করতে যাচ্ছে বিজেপির ৩৪২ জন, সিপিআইএম-এর ২২৮ জন, কংগ্রেস-এর ২০১ জন, তিপ্রা মথার ১০ জন, নির্দল সহ অন্যান্য দলের ২৯ জন প্রার্থী। ৫ টি নগর সংস্থা যথাক্রমে মোহনপুর পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, কমলপুর নগর পঞ্চায়েত, রাণীরবাজার পুর পরিষদ ও শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে শুধুমাত্র বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। তাই এই ৫ টি নগর সংস্থার নির্বাচনে বিজেপি প্রার্থীদের রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে পি.কে চক্রবর্তী আরও জানান পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। অভিযোগটি খতিয়ে দেখার জন্য জেলা নির্বাচনী আধিকারিকের নিকট প্রেরণ করা হয়। কিন্তু অভিযোগের সত্যতা পাওয়া যায় নি। দক্ষিণ জেলার বিলোনিয়া থেকেও একটি অভিযোগ আসে। অভিযোগটি জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়েছে খতিয়ে দেখার জন্য। সেখান থেকে এখনো কোন রিপোর্ট আসে নি।
৫ টি পুর ও নগর সংস্থায় বিনা লড়াইয়ে বিজেপিকে জয়ী ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তীর
1