Home » প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

by sokalsandhya
0 comments

Agartala : পুর ও নগর নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। জায়গায় জায়গায় ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের। আগরতলা পুর নিগম এলাকায়ও একই অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের কাঠ গড়ায় নাম উঠে আসছে বিজেপির বাইক বাহিনী। শুক্রবার আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সজ্জা লাগায় বাম কর্মী সমর্থকরা। সেই সময় সেখানে উপস্থিত হয় বিজেপির বাইক বাহিনী। কিন্তু তখন বাম কর্মী সমর্থকদের সংখ্যা বেশি থানায় বিজেপির বাইক বাহিনী সেখান থেকে চলে যায়। পরবর্তী সময় প্রচার সজ্জা লাগানো শেষে বাম কর্মী সমর্থকরা যখন বাড়ি ঘরে ফিরে যাচ্ছিল সেই সময় পুনঃরায় বিজেপির বাইক বাহিনী লাঠি লোহার রড নিয়ে সেখানে উপস্থিত হয়। এবং বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মহিলা জানান এই ধরনের ঘটনা ঘটলে মহিলারা ভোট বয়কট করবেন। তিনি নিজের ঘরের ছাদ থেকে দেখতে পেয়েছেন বাইক স্কুটি নিয়ে অনেক লোক এসেছে। তাদের সকলের মুখে মাক্স লাগানো ছিল। রাস্তায় ফেলে এক ব্যক্তিকে বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। পরবর্তী সময় এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতিরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক। তার মধ্যে গুরুতর ভাবে আহত হন লোহিত গাঙ্গুলী নামে এক বাম কর্মী। এই ঘটনার পর বাম কর্মী সমর্থকরা ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্নেল চৌমুহনী এলাকায় সড়ক অবরোধে বসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। তিনি জানান কথা বলার মতো কোন পরিস্থিতি নেই। স্বাধীনতার পর কৃষ্ণনগর এলাকায় এই ধরনের ঘটনা ঘটে নি। বিনা প্ররোচনায় বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তারই প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ আধিকারিকরা আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান সড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। ঘটনাস্থলে এসে জানতে পেরেছেন বাম কর্মী সমর্থকদের উপর দুষ্কৃতিরা হামলা চালিয়েছে। আক্রান্তদের পক্ষ থেকে একটি অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। সদর মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে দেয় বাম কর্মী সমর্থকরা। প্রশ্ন হচ্ছে যেখানে দিন দুপুরে প্রচার সজ্জা লাগাতে নিয়ে আক্রান্ত হতে হচ্ছে বাম কর্মী সমর্থকদের। সেখানে দাঁড়িয়ে আদৌ শান্তিপূর্ণ নির্বাচন কি সম্ভব। উত্তরটা হয়তো নির্বাচনের দিন পাওয়া যাবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles