6
- আগরতলা:৩ নভেম্বর:রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র লড়াইয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ত্রিপুরা। প্রথম ইনিংসে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত ২৬৮ রান সংগ্রহ করে ত্রিপুরা। জবাবে পারভেজ সুলতান ও সন্দীপ সরকারের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে ত্রিপুরা। সব মিলিয়ে বর্তমানে ১৯৬ রানের লিড রয়েছে তাদের হাতে।
মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ত্রিপুরার ব্যাটিংয়ে আধিপত্য বিস্তার করে সৌরাষ্ট্রের বোলাররা। মাত্র ২৮ রানের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক শিবির। বিক্রমকুমার দাস ৮, বাবুল দে ১, লক্ষয় থারেজা শূন্য, সন্দীপ সরকার ৫ এবং মন্দীপ সিং ৩ রান করে ফিরে যান।এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন শ্রীদাম পল। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে ১৩৬ বলে ৮৬ রানের মূল্যবান ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্যপ্রান্তে সেন্টু সরকারও দায়িত্বশীল ব্যাটিং করে ১১৬ বলে ৪৬ রান যোগ করেন। তাঁদের এই জুটি ত্রিপুরাকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে।পরবর্তী সময়ে ব্যাট হাতে দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন অধিনায়ক মানিসংকর মুরাসিং ও বিক্রমজিত দেবনাথ। মুরাসিং ৬৭ বলে ৪২ রান করেন। অন্যদিকে বিক্রমজিতের ব্যাট থেকে আসে অপরাজিত ৬১ রান। ৯৭ বলের ইনিংসে তাঁর এই লড়াইয়ের সুবাদে ৯২ ওভারে ২৬৮ রানে প্রথম ইনিংস শেষ করে ত্রিপুরা। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে পার্থ ভুত ৫টি এবং চেতন সাকারিয়া ৩টি উইকেট পান।তবে ম্যাচের আসল চিত্র বদলে যায় সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে। ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের সামনে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে সফরকারী দল। মাত্র ২২ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সৌরাষ্ট্র। অর্পিত বাসাবাদার ৩৮ ও প্রেরক মানকড়ের ২১ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় স্কোরের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে চেতন সাকারিয়া অপরাজিত ৩১ রান করেন। কিন্তু তাতেও ৪৫.৫ ওভারে ১১৮ রানের বেশি তুলতে পারেনি সৌরাষ্ট্র।ত্রিপুরার বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পারভেজ সুলতান। তাঁর ঝুলিতে যায় পাঁচটি উইকেট। সমান তালে লড়াই চালিয়ে সন্দীপ সরকারও চারটি উইকেট তুলে নেন। অধিনায়ক মানিসংকর মুরাসিংয়ের দখলে যায় একটি উইকেট। বোলারদের সম্মিলিত সাফল্যেই সৌরাষ্ট্রের ইনিংস দ্রুত গুটিয়ে যায়।
১৫০ রানের প্রথম ইনিংস লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে অবশ্য ত্রিপুরাকেও কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে তারা। বিক্রমকুমার দাস ২৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। বাবুল দে ৯, লক্ষয় থারেজা শূন্য এবং মন্দীপ সিং ২ রান করে আউট হয়েছেন। ক্রিজে রয়েছেন শ্রীদাম পল ও পারভেজ সুলতান।
প্রথম ইনিংসে ব্যাট হাতে বিপর্যয় সামলে ওঠা, এরপর বল হাতে সৌরাষ্ট্রকে অল্প রানে আটকে দেওয়া—দুই বিভাগেই ত্রিপুরার লড়াই নজর কেড়েছে। দ্বিতীয় দিনের শেষে ১৯৬ রানের লিড নিয়ে ম্যাচে এগিয়ে থাকলেও তৃতীয় দিনে ব্যাটসম্যানদের কাছ থেকে আরও বড় অবদান প্রত্যাশা করবে ত্রিপুরা শিবির।