আগরতলা, ২৫ নভেম্বর: – ত্রিপুরায় শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ যোগ্য অন্তর্বর্তী নির্দেশ দিল উচ্চ আদালত। শূন্যপদ পূরণে রাজ্য ও টিটিএএডিসি-কে জবাব দিতে হবে। ত্রিপুরার সরকারি স্কুল এবং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অধীন স্কুল গুলিতে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই শূন্যপদ পূরণে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল উচ্চ আদালত। নীতি আয়োগের রিপোর্ট এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বার্ষিক প্রতিবেদনে রাজ্যের শিক্ষা দপ্তর ও এডিসি প্রশাসনের অধীন স্কুলগুলিতে বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি উঠে এসেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে উচ্চ আদালত। মামলায় রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামা অনুযায়ী রাজ্য সরকারের অধীন স্কুল গুলিতে বিভিন্ন স্তরে প্রায় ৯ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। অপরদিকে টিটিএএডিসির অধীন স্কুলগুলিতে ৭ হাজার ৭০০-র অধিক শিক্ষকের শূন্য পদ রয়েছে। এই পরিস্থিতিতে শূন্যপদ পূরণে রাজ্য সরকার এবং টিটিএএডিসি-কে কি কি পদক্ষেপ গ্রহণ করছে, তা বিস্তারিত ভাবে উচ্চ আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি শিক্ষক পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। নির্দেশ অনুযায়ী গ্র্যাজুয়েট টিচার, ষষ্ঠ শ্রেণির জন্য ৮৬ জন, নবম ও দশম শ্রেণির জন্য ৭৭৬ জন এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে ৯৭০ জনকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। এছাড়াও ৭৯ জন স্পেশাল এডুকেটর, ১৬৫ জন প্রধান শিক্ষক এবং ১০০ জন সহ-প্রধান শিক্ষককে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদ গুলির নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেই বিষয়টি বিবেচনা করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শিক্ষক পদে দীর্ঘদিনের শূন্যতা পূরণ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে উচ্চ আদালতের এই নির্দেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উচ্চ আদালতের এই রায়ের সম্পর্কে বিস্তারিত জানান সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
রাজ্যে শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ যোগ্য অন্তর্বর্তী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট
2