আগরতলা : জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আসন্ন এডিসি নির্বাচন ও ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিশাল ব্যবধান নিয়ে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। আর এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে।
আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙ বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে নিয়ে এক বিশাল শোভাযাত্রা খুমুলুঙের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সেই শোভাযাত্রায় বিশাল অংশের কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সামনেই এডিসি নির্বাচন। আর এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির নাম দেওয়া হয়েছে জনজাতি ক্ষমতায়ন ও ত্রিপুরার ক্ষমতায়ন। এই নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস ও সবকা বিশ্বাস সকলের হওয়া প্রয়োজন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর তিনি জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। আগামীদিনেও জনজাতিদের সত্যিকারের উন্নয়ন ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না। আমরা মনে প্রাণে সেই কাজ করে চলছি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, এডিসির যে বর্তমান অবস্থা সেই অবস্থা থেকে পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন করতে হবে। আর আমি নিশ্চিত জনজাতিরা এখন ভারতীয় জনতা পার্টিকে বুঝতে পারছেন এবং বিশ্বাস করছেন। এতদিন ধরে কুম্ভিরাশ্রু আমরা দেখেছি। এখন জনজাতিদের প্রকৃত উন্নয়নের কাজটা করছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানাচ্ছেন মানুষ। সেভাবে ত্রিপুরাতেও আগামী এডিসি ও ভিলেজ নির্বাচনে বিরাট জয় হবে ভারতীয় জনতা পার্টির। আর অবশ্যই এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে।
এদিন এই সাংগঠনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল নেতৃত্ব সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।