আগরতলা, ২০ নভেম্বর:- পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলা স্তরের বৈঠক। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলা স্তরের এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী, আইজি আইন-শৃঙ্খলা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মূলত ২৭ নভেম্বর পুর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার জন্য এই বৈঠক করা হয়। রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী জানান পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে এইদিন পশ্চিম ত্রিপুরা জেলার পর্যালোচনা বৈঠক করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির কাজ খতিয়ে দেখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উপর রিটার্নিং অফিসারের নজরদারি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। ২৫ নভেম্বর শেষ হবে সরব প্রচার। ২৬ নভেম্বর ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে চলে যাবে। যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে এইদিন প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। পি.কে চক্রবর্তী আরও জানান পুর ও নগর ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার কোন বাধ্য বাধকতা নেই। কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধিন। অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন জানানো হয়েছে। এই ২৫ কোম্পানি পাওয়া গেলে নির্বাচনে তাদের ব্যবহার করা হবে। এছাড়াও রাজ্যে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই ১৪ বাহিনীকে নির্বাচনে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে। উল্লেখ্য ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন সিপাহীজলা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলায় অনুরূপ পর্যালোচনা বৈঠক করেছে।
রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক
3