Home » রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস! মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার খাস তালুকেও হার গেরুয়া শিবিরের

by sokalsandhya
0 comments

রাজস্থান : রাজস্থানের রাজনীতিতে বড়সড় চমক। পুর নির্বাচনে সাফল্যের পর এবার পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল বিজেপি। জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি দুই ক্ষেত্রেই আসন সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা-সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতার শক্ত ঘাঁটিতেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে।

 

গত সেপ্টেম্বর মাসে রাজস্থানের পুর নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। সেখানে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও মাত্র দু’মাসের ব্যবধানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সম্পূর্ণ ভিন্ন ছবি উঠে এসেছে। গ্রামীণ এলাকার ভোটে কংগ্রেসের এই সাফল্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

 

শেষ পাওয়া ফলাফল অনুযায়ী, রাজস্থানের ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপির দখলে গিয়েছে মাত্র ৮টি জেলা পরিষদ। নির্দল ও অন্যান্য ছোট রাজনৈতিক দল তিনটি জেলা পরিষদে জয়ী হয়েছে। একটি জেলা পরিষদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। গত নির্বাচনে ২৯টি জেলা পরিষদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছিল বিজেপি এবং ১০টিতে জয়ী হয়েছিল কংগ্রেস।

 

পঞ্চায়েত সমিতির নির্বাচনেও কংগ্রেসের দাপট অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে এখনও পর্যন্ত ২১৩টিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি জয়ী হয়েছে মাত্র ৮৫টিতে। নির্দল প্রার্থীরা ৫৪টি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছেন। রাজ্যের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ফলাফল ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার কথা।

 

এই নির্বাচনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির একাধিক প্রভাবশালী নেতার এলাকায় কংগ্রেসের জয়। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতির আসনেও জয় পেয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের জোধপুর, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘবালের বিকানের এবং ভূপেন্দ্র যাদবের অলওয়ারেও বিজেপিকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে।

 

এমনকি রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের সদস্যরাও নির্বাচনে সাফল্য পাননি। তাঁর স্ত্রী শান্তি দেবী ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সরিতা দেবীর কাছে পরাজিত হয়েছেন। পাশাপাশি মন্ত্রীর দুই ছেলে অজয় সিং ও দুর্গা সিং শ্রীমাধোপুর পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি।

 

জয়পুর, জোধপুর, বিকানের ও ভিলওয়াড়ার মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতেও ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অজমেরেও কংগ্রেসের ফলাফল যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উদয়পুর নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। তবে চিত্তৌড়গড়, সিরোহি ও রাজসমন্দের মতো এলাকায় কংগ্রেসের জয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিলি জাতি, জাট ও গুর্জর সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক ধরে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস। পাশাপাশি বিজেপির রাজপুত ভোটব্যাঙ্কেও প্রভাব বিস্তার করেছে হাত শিবির। অন্যদিকে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) এবং রাজকুমার রোতের ভারত আদিবাসী পার্টি (বিএপি)-র ভালো ফলাফল রাজস্থানের রাজনীতিতে নতুন সমীকরণের

ইঙ্গিত দিচ্ছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles