আগরতলা, ২১ নভেম্বর: — ২৭ নভেম্বর পুর ও নগর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। রাজ্যে রয়েছে ১৪ কোম্পানি। সব মিলিয়ে মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে মোতায়েনের প্রস্তুতি চলছে। রাজ্যের নির্বাচন কমিশনার জানান ২৭ নভেম্বর রাজ্যের ১৬ টি নগর সংস্থার নির্বাচন হবে। এই নগর সংস্থা গুলিতে ৭০৪ টি পোলিং স্টেশন রয়েছে। আগরতলা পুর নিগম এলাকায় ৪৩৯ টি পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে নির্বাচনের জন্য অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। সহসাই এই কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরায় চলে আসবে। ইতিমধ্যে রাজ্যে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১৬ টি নগর সংস্থার নির্বাচনে মোতায়েন করা হবে। এই কেন্দ্রীয় বাহিনী কি ভাবে মোতায়েন করা হবে তা রবিবারের মধ্যে ঠিক করা হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চার জেলায় প্রস্তুতির পর্যালোচনা বৈঠক করা হয়েছে। এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে বাকি জেলা গুলিতেও পর্যালোচনা সভা করা হবে। শনি ও রবিবার নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণের কাজ চলবে। ভোটার তালিকা পরীক্ষা করে মৃত ভোটার, স্থান পরিবর্তনকারি ভোটারদের চিহ্নিত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের নির্বাচন কমিশনার জানান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্বাচনী রুলসে ৮৫ বছরের অধিক বয়সী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের রুলসে এই ধরনের কোন সুযোগ নেই। তাই পুর ও নগর নির্বাচনে ৮৫ বছরের অধিক বয়সীদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে না এই বছর। আগামিদিনে রাজ্য নির্বাচন কমিশনের রুলস সংশোধন করা হলে তাহলে ৮৫ বছরের অধিক বয়সীদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা যাবে।
পুর ও নগর ভোটে আসছে অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীঃপি.কে চক্রবর্তী
4