Home » ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসছেন সলমন খান, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসছেন সলমন খান, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

by sokalsandhya
0 comments

কলকাতা : রাজনৈতিক পালাবদলের পর নতুন রূপে সাজতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড সুপারস্টার সলমন খানের উপস্থিতির কথা নিশ্চিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই খবর সামনে আসতেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সলমন ছাড়াও বলিউড ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের একাধিক তারকা এবারের উৎসবে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

 

এর আগে চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কঙ্গনা রনৌত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল এবং পরিচালক মধুর ভাণ্ডারকর-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জনি লিভার ও অনুরাগ বসুর আসার সম্ভাবনার কথাও সামনে এসেছে। উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি এবারের উৎসবে থাকছে ফিল্ম বাজার, যার দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ।

 

উল্লেখযোগ্য বিষয়, নিরাপত্তাজনিত কারণে বর্তমানে সলমন খানের প্রকাশ্যে যাতায়াত অনেকটাই নিয়ন্ত্রিত। একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে তাঁকে। সেই পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতির খবর বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগেও ২০২৩ সালে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন খান।

 

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ড। পাশাপাশি প্রকাশ করা হয়েছে উৎসবের নতুন লোগো, যা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। এবারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেড কার্পেটের আয়োজনও থাকতে পারে।

 

তবে এবারের উৎসবে শাহরুখ খান উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবছরের মতো এবারও অতিথি তালিকায় তাঁর নাম নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। সব মিলিয়ে তারকাদের উপস্থিতি, আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্ভার এবং নতুন আয়োজনের মধ্য দিয়ে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles