Home » ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কড়া বার্তা তারেক সরকারের‘হাতকড়া পরেই ফিরতে হবে’

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কড়া বার্তা তারেক সরকারের‘হাতকড়া পরেই ফিরতে হবে’

by sokalsandhya
0 comments

বাংলাদেশ : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়াল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবসেই ঢাকায় ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এই তথ্য জানিয়েছেন। তবে হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছাকে ঘিরে কোনও নমনীয় অবস্থান নিতে নারাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফিরতে হলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে প্রায় ২৮ মাস ধরে ভারতে রয়েছেন তিনি। এবার দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে বাংলাদেশের সরকারের কাছেই প্রত্যাবর্তনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করেই ঢাকায় ফিরতে চান তিনি।

হাসিনার মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই তিনি ভারতে এসেছিলেন। তাই দেশে ফেরার জন্যও বাংলাদেশ সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত। তাঁর দাবি, সংবিধানবহির্ভূতভাবে হাসিনাকে দেশছাড়া করা হয়েছিল। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার দায়িত্ব এখন বাংলাদেশের সরকারের।

তবে হাসিনার এই ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরা বন্দি হিসেবেই ফিরতে হবে। অপর বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদও জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনও আইনি সুযোগ নেই। বাংলাদেশের কোনও দূতাবাসে গেলে তাঁকে গ্রেফতার করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

তারেক সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরাসরি তাঁর সঙ্গে আলোচনার কোনও প্রশ্ন নেই। এ বিষয়ে যাবতীয় আলোচনা হবে ভারত সরকারের সঙ্গে। তাঁর বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে চাইছে। ফলে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়।

অন্যদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম হাসিনার বিমানে ফেরার দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, বাংলাদেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। আওয়ামী লীগ এবং ভারতের ভূমিকা নিয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক রূপরেখা তৈরির দাবি জানিয়েছেন তিনি। বৈঠকের পর ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের অভিযোগ তুলে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নাহিদ।

এর পাশাপাশি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সরকার। নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলির ৭২টি ঝটিকা মিছিল, ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরকারের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এখন দেখার বিষয়, বিজয় দিবসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে

এগোয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles