আগরতলা, ২৬ নভেম্বর:- আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোট কর্মীরা। বৃহস্পতিবার সকালে উমাকান্ত ময়দান থেকে ভোট কর্মীরা ইভিএম এবং ভোট গ্রহণের সামগ্রী নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোট কর্মীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যায়। এইদিন উমাকান্ত ময়দানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার। তিনি জানান আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের ৪৩৯ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য তিন হাজারের অধিক ভোট কর্মী, ১ হাজার যানবাহন, ৬ হাজার আরক্ষা কর্মী যুক্ত রয়েছে। ৪৩৯ টি ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে। বেশিরভাগ ভোট কর্মী নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। অতিরিক্ত রিজার্ভে রাখা হয়েছে বেশকিছু ইভিএম। কোথাও কোন ইভিএম বিকল হয়ে গেলে, সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হবে। ৬০ জন সেক্টর অফিসার ৫১ জন পুলিশ সেক্টর অফিসার নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন। পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের জন্য ৫১ টি সিআরপিএফ-এর টিম রাখা হয়েছে।
আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোট কর্মীরা
21