আগরতলা, ২৮ নম্বভের:- রাজ্যে মোট ২১ টি পুর ও নগর সংস্থায় ৩৪৫ টি ওয়ার্ড রয়েছে। পোলিং স্টেশন ছিল ৭৮৩ টি। প্রার্থী ছিল ৮১০ জন। স্ক্রুটিনি ও মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ৫ টি নগর সংস্থার ৭৭ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৭৭ জন প্রার্থী। ফলে বাকি ১৬ টি পুর ও নগর সংস্থার ২৬৮ টি ওয়ার্ডের জন্য শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ১৬ টি পুর ও নগর সংস্থায় মোট ৭০৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তাতে মোট প্রার্থী ছিল ৭৩৩ জন। মোট ভোটার ছিলেন ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। তার মধ্যে ভোট কেন্দ্র গুলিতে ভোট দিয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৭২৩ জন। পাশাপাশি নির্বাচনী কাজে নিযুক্ত ভোটকর্মী, পুলিশ ও টিএসআর কর্মীদের পোস্টাল ভোট সহ মোট ভোট দিয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৬৫২ জন। সেই হিসাবে চূড়ান্ত ভোটদানের হার ৮১.৪৬ শতাংশ। খোয়াই জেলার তেলিয়ামুড়া পুর পরিষদে সর্বাধিক ভোট পড়েছে ৮৮.৯৮ শতাংশ। সর্ব নিম্ন ভোট পড়েছে ধর্মনগর পুর পরিষদে ৭৬.৮৯ শতাংশ। বিগত পুর ও নগর নির্বাচনের তুলনায় এইবার ভোট কম পড়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে পি.কে চক্রবর্তী আরও জানান এইবারের নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার তুলনায় বেশি ছিল। পাশাপাশি ছয়টি নগর সংস্থায় মোট ১৫ টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল। এই নগর সংস্থা গুলি হল ধর্মনগর, খোয়াই, অমরপুর, কৈলাসহর, কুমারঘাট ও আমবাসা। তার মধ্যে খোয়াইয়ে সর্বাধিক সাত টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র ছিল।
২০২১ সালের পুর ও নগর নির্বাচনের তুলনায় এইবার ভোট কিছুটা কম পড়েছেঃপি.কে চক্রবর্তী
8