আগরতলা পুর নিগমের ৫১ টি আসনে বিজেপি প্রার্থীদের জয় ১০০ শতাংশ নিশ্চিতঃমুখ্যমন্ত্রী

আগরতলা : আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীদের নিয়ে এক সুবিশাল মিছিল সংগঠিত করে। মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এইদিনের মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে বিজেপি প্রার্থীরা এক এক করে প্রস্তাবক সহ দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেয়। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান বিজেপি উন্নয়নের নিরিখে মানুষের কাছে যাবে। আগরতলা শহরের অনেক উন্নয়ন হয়েছে। জল ডুবি থেকে শহরবাসীকে পরিত্রাণ দেওয়া হয়েছে। শহরের ড্রেইন গুলিকে কভার ড্রেইনে পরিণত করা হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট ডিজিটাল সিভিল হাসপাতাল করা হয়েছে। লাইট হাউসের দুইটি ব্লকের উদ্বোধন করা হয়েছে। ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান উন্নত করা হয়েছে। আধুনিক চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। আগরতলা শহরে আন্ডার গ্রাউন্ড ক্যাবেলের কাজ শুরু হয়েছে। শহরের সকল পরিত্যক্ত জলাশয় গুলিকে পুনরুদ্ধার করা হয়েছে। অনেক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে পুর নিগম এলাকায়। এই উন্নয়নের নিরীক্ষা বিজেপি প্রার্থীরা মানুষের কাছে যাবে। মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীদের জয় ১০০ শতাংশ নিশ্চিত বলেও জানান। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন সুশাসন ও উন্নয়নের নিরিখে বিজেপি মানুষের কাছে যাবে। আগরতলা পুর নিগম সহ সমগ্র রাজ্যে মোট ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপি জয়ী হবে বলে দাবি করেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান বুধ, বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে সমগ্র রাজ্যের বিভিন্ন নগর ও পুর সংস্থার নির্বাচনে বিজেপি মনোনীত ৩৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। প্রতিটি পুর ও নগর সংস্থার প্রতিটি ওয়ার্ড বিকশিত হলে রাজ্য বিকশিত হবে। এবং ভারত বিকশিত হবে। বিগত ৫ বছরে কর্পোরেটররা নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছে। প্রতিমা ভৌমিক এইদিন গণদেবতাদের নিকট আবেদন জানান বিজেপি প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য। তিনি বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বলেন বিরোধীরা ভোট চুরি করেছে, তাই তারা ভোট চুরির কথা বলে। ভিলেজ কমিটির ভোট ব্যালট পেপারে হয়েছে, তারা কেন জয়ী হলো না। তারা কোন সাংবিধানিক কাঠামোকে মানে না। তারা দেশের বিরুদ্ধে কথা বলে। এইদিন উৎসবের মেজাজে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এইদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী