আগরতলা, ১৭ নভেম্বর: —যথাযোগ্য মর্যাদায় রাজধানী সংলগ্ন নন্দন নগর বনবিহার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের পবিত্র কঠিন চীবর দান উৎসব। প্রখ্যাত বৌদ্ধ ধর্মগুরু নন্দপাল মহাস্থবিরের উপস্থিতিতে সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী এই পবিত্র উৎসবের আয়োজন করা হয়। এই উপলক্ষে নন্দন নগর বনবিহার বুদ্ধ মন্দিরে বিভিন্ন জায়গা থেকে ব্যাপক অংশের পুণ্যার্থীদের সমাগম হয়। এবছর এই বুদ্ধ মন্দিরে পঞ্চম শুভ দানোত্তম মহা কঠিন চীবর দান-২৫৭০ বুদ্ধাদ্ধ পালন করা হয়। এই ধর্মীয় উৎসবে উপস্থিত ছিলেন নন্দন নগর বনবিহারের সভাপতি নবত জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক হিরন কুমার চাকমা, কোষাধ্যক্ষ জ্যোতি লাল চাকমা সহ অন্যান্যরা। উল্লেখ্য কঠিন চীবর দান হচ্ছে সমগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের একটি অন্যতম শ্রেষ্ঠ দান। মন্দির প্রাঙ্গনে সারা রাত ধরে মহিলারা বৌদ্ধ ধর্মীয় গুরুদের জন্য পরনের বস্ত্র বুনন করেন। পরদিন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পরিধেয় গুলি বৌদ্ধ ধর্মগুরুদের হাতে তুলে দেন। এই কঠিন চিবর দান উৎসবের বিষয়ে বিস্তারিত জানান নন্দন নগর বনবিহার-এর সাধারণ সম্পাদক হিরন কুমার চাকমা।
নন্দন নগর বনবিহার বুদ্ধ মন্দিরে রীতি মেনে পালন করা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব
5